স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে দারুণ করছেন মিচেল মার্শ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে তার দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয় ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
ডারবানে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৩১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত থাকেন মার্শ। এই ডানহাতি ৩৯ বলে৮টি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংস সাজান। এছাড়া ওপেনার ম্যাথিউ শর্ট ৩০ বলে ৬৬ রান করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪৯ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম। এছাড়া টেম্বা বাভুমা ১৭ বলে ৩৫ রান করেন।
অজি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন শেন অ্যাবট ও নাথান এলিস।











































