খুলনাঞ্চল রিপোর্ট
রাজবাড়ীতে পুলিশ আর বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা থেকে জেলা প্রশাসক কার্যালয় ও বড় মসজিদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপিসহ, ছাত্রদল, যুবদল, কৃষক দল মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দেয়।
শোভাযাত্রাটি রাজবাড়ী শহরের প্রধান সড়কের পান্না চত্বর গিয়ে আবার ফিরে আসে। শোভাযাত্রাটি ফিরে আসার সময় শিল্পকলা মোড় এলাকায় শোভাযাত্রার পেছনে দিকে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও গুলি ছোড়ে। সংঘর্ষে ২০ জন বিএনপি নেতাকর্মী ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে এমন দাবি করছে দুই পক্ষ। এ ছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে ১৫ বিএনপিকর্মীকে আটক করে পুলিশ।
পরে বড় মসজিদ এলাকায় আবারও সংঘর্ষ হলে পুলিশ সেখান থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করে হামলা চালিয়েছে। আমাদের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সংর্ঘষের ঘটনায় ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন বলেন, আজকে জেলা বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষ্যে খৈয়ম গ্রুপের সমর্থকরা শোভাযাত্রা বের করেন। তারা শোভাযাত্রা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা চালান। পরে সংঘর্ষ বেঁধে যায়।











































