Home বিনোদন ‘প্রথমবারের মতো নাচতে পারলাম’

‘প্রথমবারের মতো নাচতে পারলাম’

20

বিনোদন প্রতিবেদক।।

বর্তমানে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আশনা হাবিব ভাবনা। রায়হান খানের পরিচালনায় সিনেমার নাম ‘পায়েল’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। আজ শনিবার ভাবনা তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে জানান, সিনেমাটিতে কোনো আইটেম গানে হাজির হচ্ছেন না তিনি।

ভাবনার কথায়, ‘আমি কোনো আইটেম গানে হাজির হইনি। আমি একটি সিনেমা করছি “পায়েল” নামে। নির্মাতা রায়হান খান। এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হবো। সিনেমার একটি গানে আমি নেচেছি। নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্যে আনন্দের যে কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম।’

গানটি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এটা আসলে আইটেম গান না। একটি যৌনপল্লীর চরিত্রের জন্য কাজটি করতে হয়েছে। স্ক্রিপ্টে আছে এই গান। সিনেমায় আমার যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রের জন্যই এই গানটি শুট করা। আমি মনে করি, একজন অভিনয়শিল্পীর কাজ হচ্ছে দর্শকের সামনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হওয়া। তাই যে কোনো চরিত্র নিয়েই আমি উপস্থিত হতে পারি।’

‘পায়েল’ সিনেমায় ভাবনা ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ।