Home খেলাধুলা ভারত-পাকিস্তান মহারণ আজ: দুই দলেরই চোখ আকাশে

ভারত-পাকিস্তান মহারণ আজ: দুই দলেরই চোখ আকাশে

73

স্পোর্টস ডেস্ক।।
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ প্রায় ১০ বছর। ফলে এশিয়া কাপ এবং আইসিসি টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের দ্বৈরথ দেখার সুযোগ পান না ক্রিকেটপ্রেমীরা। চলতি এশিয়া কাপে আজ মুখোমুখি হবে দুই দল। তবে আবহাওয়ার পূর্বাভাসের কারণে দু’দলেরই চোখ থাকবে আকাশে। এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তিতে এখন শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আসর আয়োজন করেছে তারা। ‘হাইব্রিড’ মডেলে আয়োজিত এবারের আসরের ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। আজ ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু ক্যান্ডি। এবারের এশিয়া কাপ আয়োজন করা হয়েছে ওয়ানডে সংস্করণে।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে এই সংস্করণে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই লড়াইয়ে ৮৯ রানে জয়ের সুখস্মৃতি রয়েছে ভারতের। সবমিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩২বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে ৭৩ জয় নিয়ে এগিয়ে আছে পাকিস্তান।
ভারতের জয় ৫৫ ম্যাচে আর বাকি ৪ ম্যাচে কোনো ফল আসেনি। ১৯৮৪ সালে এশিয়া কাপ শুরুর পর এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। যেখানে ১৩বার ওয়ানডেতে ও ৩বার টি-টোয়েন্টিতে। দুই সংস্করণ মিলিয়ে একটি ম্যাচে কোনো ফল আসেনি। যেখানে ওয়ানডেতে ৭বার ও টি-টোয়েন্টিতে ২ বার জিতেছে ভারত। এশিয়া কাপে সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে রোহিত শর্মার দল। শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত ৩ ম্যাচে মুখোমুখি দুই দল। যেখানে দুই দলেরই একটি করে জয় আর বাকি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। চলতি এশিয়া কাপে এটি ভারতের প্রথম ম্যাচ। তবে পাকিস্তান ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচে নবাগত নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছে। ভারতের জন্য এই ম্যাচে চিন্তার কারণ হতে পারে পাকিস্তানের পেস আক্রমণ। শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের নিয়ে সাজানো বাবর আজমের দলের পেস আক্রমণ যে কোনো দলের জন্য আতঙ্কের। বিশেষ করে শাহীনের সামনে ভারতীয় ব্যাটাররা সামপ্রতিক সময়ে বেশ ভুগেছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই পেস আক্রমণের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল ভারতের টপ অর্ডার।

তবে এর মধ্যে রোহিত শর্মার দলকে আশা দেখাচ্ছেন বিরাট কোহলি। বাকিরা ব্যর্থ হলেও পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড দুর্দান্ত। ১৩ ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৫৩৬ রান করেছেন তিনি। এ ম্যাচে ওপেনার কেএল রাহুলকে পাচ্ছে না ভারত। তবে ওপেনার শুভমন গিল ছন্দে থাকলে রাহুলের অভাব বোধ নাও করতে পারে ভারত। আজই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন তিনি। তার সঙ্গে ওপেনিং করতে পারেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষান। তবে ভারতের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর পেসার জাসপ্রীত বুমরাহর দলে ফেরা। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর গত মাসে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরেন তিনি। বোলিং আক্রমণে বুমরাহ ছাড়াও মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদবের পারফর্মেন্সও পার্থক্য গড়ে দিতে পারে। পাকিস্তানের জন্য স্বস্তির খবর বাবর আজমের ফর্ম।

তার অবিশ্বাস্য ধারাবাহিকতা আর মোহাম্মদ রিজওয়ানের পরিস্থিতির দাবি মেটানো ব্যাটিং পাকিস্তানের মিডল অর্ডারে দিয়েছে নির্ভরতা। যদিও ভারতের বিপক্ষে বাবরের রেকর্ড খুব ভালো না। ৫ ম্যাচ খেলে রান করেছেন ১৫৮, নেই কোনো ফিফটি। প্রথম ম্যাচে রান না পেলেও ওপেনার ফখর জামানের প্রতি আলাদা প্রত্যাশা থাকবে পাকিস্তানের। ভারতের বিপক্ষে এই বাঁহাতি ব্যাটারের সংগ্রহ ৪ ম্যাচে ২০৭ রান। যেখানে রয়েছে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি। তবে ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি উত্তেজনায় বাধ সাধতে পারে বেরসিক বৃষ্টি। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ক্যান্ডিতে মুষলধারে অবিরাম বৃষ্টি হতে পারে। স্থানীয় সময় বিকেল ৩টায় যখন ম্যাচটি শুরু হবে তখন বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৮০%। যদি খেলা শুরু করাও যায় তবে সেটা শেষ করার কোনো নিশ্চয়তা নেই। কারণ, পূর্বাভাস অনুযায়ী সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত একটানা বৃষ্টির সম্ভাবনা।