খুলনাঞ্চল রিপোর্ট।।
মাছের রাজা রুপালি ইলিশের ভরা মৌসুম চলছে। ইলিশ মাছে বাজার সয়লাব থাকলেও দাম মধ্যবিত্ত, নিম্নবিত্তের হাতের নাগালে নেই। বাজারে প্রচুর ইলিশ পাওয়া গেলেও চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। তাই সাধ থাকলেও সাধ্যের কারণে মাছটির স্বাদ নিতে পারছেন না সাধারণ ক্রেতারা। ফলে বেশির ভাগ মানুষের পাতে এখনো ইলিশ ওঠেনি।
বাজারের ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রাকৃতিক উৎস থেকে পাওয়া মাছের কেন এত দাম হবে? এ মাছে চাষের খরচ নেই। নেই ফিড বা মেডিসিনের। তার পরও নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম মাংস থেকেও অনেক বেশি।
নদীর ইলিশ সুস্বাদু হওয়ায় ভোক্তাদের কাছে এ ইলিশের চাহিদা বেশি। চাহিদার কারণে অনেকে সাগরের ইলিশ নদীর বলে চড়া দাম হাঁকছেন। নদীর ইলিশ চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় এখনো আকারভেদে দাম ৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক-দেড় কেজি আকারের ইলিশ এখন ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে, যা অন্যান্য বছরের এ সময় ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে থাকত।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশের দাম এখন ১৫০০ টাকা, দেড় কেজি ২০০০ থেকে ২২০০ টাকা। ছোট ইলিশের মধ্যে ৮০০ গ্রামের ইলিশের দাম ১৪০০ টাকা, ৭০০ গ্রাম ১২০০ টাকা, এবং ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের কেজি ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে একই আকারের নদীর ইলিশের দাম কিছুটা বেশি।
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ আসে। এরপর এই মাছ বিভিন্ন জেলায় পাঠানো হয়। চাঁদপুর ঘাটে অন্য মাছের তুলনায় ইলিশ মাছের পরিমাণই বেশি। এসব ইলিশ দক্ষিণাঞ্চলে সাগর, ভোলা, বরিশাল, নোয়াখালী ও সন্দ্বীপ থেকে আসে। তবে এবার ভরা মৌসুমেও ঘাটে পদ্মা-মেঘনার ইলিশের সরবরাহ তুলনামূলক কম বলে জানান ব্যবসায়ীরা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এখন প্রতিটি ট্রলার (জাহাজ) সাগরে পাঠাতে তাদের ৫০ লাখ টাকার বেশি ব্যয় হয়। ফলে মাছের দাম বাড়িয়ে তাদের ব্যয় সমন্বয় করতে হয়। এতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে বেশি দামে মাছ কিনে খেতে হয়।
সরকার সমুদ্র অর্থনীতির ওপর গুরুত্ব দেয়ার কথা বললেও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়ায় এ খাত এখন হুমকির মুখে। ইলিশ মাছের জোগান একদিকে কমে যাচ্ছে, অন্যদিকে আহরণ ব্যয় দ্বিগুণের বেশি বেড়েছে।
এদিকে ঢাকার মৎস্য আড়ত মালিকদের সভাপতি কামাল হোসেন বলেন, আগে নদ-নদীতে প্রচুর ইলিশ মিলত। এসব ইলিশ স্থানীয় বাজারে প্রান্তিক জেলেরা সরাসরি বিক্রি করতেন। এখন প্রান্তিক আড়তে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেক বেশি। কম দামে মাছ পাওয়া যায় না। আবার ঢাকায়ও বাজারজাত খরচ ধাপে ধাপে বেড়েছে।
তিনি বলেন, বরফের দাম দ্বিগুণ হয়েছে গত তিন বছরে। আড়তে শ্রমিকরা কম খরচে কাজ করেন না। বাজারের ইজারা, ভাড়া এসব বৃদ্ধির প্রভাব পড়ছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের চেয়ারম্যান মৎস্য গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ইলিশের দাম কমার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। সবকিছুর দাম অস্বাভাবিক বেড়েছে এটার প্রভাব ইলিশে পড়বে সেটাই স্বাভাবিক।
তিনি বলেন, গত কয়েক বছরে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার কারণে ইলিশের প্রজনন ও উৎপাদন বেড়ে যায়। কিন্তু ইলিশ ব্যবস্থাপনার ক্ষেত্রে এখন আর দেশে সে ধরনের প্রকল্প ও কার্যক্রম নেই। ডুবোচর, দূষণ ও নিষিদ্ধ জালে ঘিরে রাখায় ইলিশ আর নদীতে ঢুকতে ও টিকতে পারছে না। সে কারণে নদীর ইলিশ ক্রমেই কমছে। এবার সেটা একটি বড় সমস্যা।
যদিও দেশের মৎস্য খাতে সবচেয়ে বেশি অবদান রাখে ইলিশ। উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উৎস ইলিশ। তাদের নিরলস পরিশ্রমে ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। জাটকা নিধন বন্ধ, নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযানসহ সরকারের নানামুখী কঠোর ব্যবস্থাপনায় গত এক যুগে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় তিন লাখ টন।
মাঠে নামবে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর
এদিকে ইলিশের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্য আনতে মাঠে নামছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর। সংস্থাটি ইলিশের বাজার নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। দাম নিয়ন্ত্রণে শিগগিরই মাঠে নামবে সংস্থাটি।
ক্রেতাদের অভিযোগ, মাছের সরবরাহ যথেষ্ট হলেও ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না। বাজার সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। এ মাছ প্রাকৃতিক সোর্স হতে আমরা আহরণ করছি। মাছ চাষে পুকুর লিজ, মাছের পোনা, খাবার, শ্রমিক, পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা, পাহারা দেয়াসহ অনেক খরচ আছে। চাষের মাছে মড়ক লাগলে কিংবা চুরি হলে… প্রচুর ঝুঁকি রয়েছে। অপরদিক প্রাকৃতিক ইলিশ আহরণ ছাড়া এখানে কোনো দৃশ্যমান খরচ নেই। এর পরও চাষের সবচেয়ে ভালো মাছ রুই-কাতলের চেয়ে ভরা মৌসুমে ইলিশের মূল্য পাঁচ গুণ বেশি, আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। ইলিশের ল্যান্ডিং স্টেশন/আড়ত মূলত বরিশাল, চাঁদপুর, পাথরঘাটা। এসব এলাকার ইলিশের দাদন ব্যবসায়ীরাই এটির মূল্য নিয়ন্ত্রণ করে মর্মে আমার কাছে প্রতীয়মান হয়েছে। বাংলার ইলিশ ১৫০০ থেকে ২০০০ টাকা কেজি দরে কিনে খেতে হবে তা কারও কাছে কাম্য নয়।
এদিকে ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় সমুদ্রগামী ট্রলারগুলোর জ্বালানি, পরিচালনা, জেলেদের খোরাকি ব্যয়, বরফ, মজুরি বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দামের ওপর। শুধু তাই নয়, সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় মাছের বাজারেও এর প্রভাব পড়েছে বলেও তারা মনে করেন।











































