Home খেলাধুলা খুলনায় ক্রিকেট কোচদের অসহায়ত্ব : বিসিবির সহায়তা দাবি

খুলনায় ক্রিকেট কোচদের অসহায়ত্ব : বিসিবির সহায়তা দাবি

8

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের প্রকোপে অচলাবস্থা বিশ্ব ক্রীড়াঙ্গনে। মধ্য মার্চ থেকে বন্ধ সব ধরনের খেলাধুলা। বিভিন্নভাবে খেলাধুলার সাথে জড়িত অনেকেই বেকার হয়ে পড়েছেন। এরকমই কাজ হারিয়ে এক প্রকার অসহায় হয়ে পড়েছেন খুলনার ৩০টিরও অধিক ক্রিকেট একাডেমীর সঙ্গে জড়িত ক্রিকেট কোচ ও সংশ্লিষ্টরা।
এসব কোচের আয়ের একমাত্র মাধ্যম ছিলো কোচিং করানো। তবে লকডাউনের ফলে বন্ধ এসব একাডেমী। বন্ধ হয়ে গেছে তাদের একমাত্র আয়ের পথও। ফলে অসহায় আর মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। বিসিবি থেকে ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়াতে আশায় বুক বেঁধেছিলেন এসব ক্রিকেট কোচেরাও। তবে ক্রিকেট কোচদের জন্য এমন কোন সহায়তা আসেনি। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে একবার সব কোচদের নাম নেওয়া হলেও সেখান থেকেও কোনও সহায়তা পাননি খুলনার কোনো কোচ। স্থানীয়ভাবে সেভাবে সহায়তা পৌঁছেনি তাদের অনেকেরই কাছে। অনেকে আবার লজ্জায় কারও কাছে সহায়তার হাতও পাততে পারছেন না।
খুলনা সার্কিট হাউজ মাঠের এমনই একটি একাডেমী ‘বেসিক ক্রিকেট একাডেমী’-র প্রশিক্ষক তৌহিদুল ইসলাম মুরাদ। নিজের অসহায়ত্বে কথা অকপটে বলে ফেললেন তিনি। এই প্রশিক্ষকের ভাষ্যে, ‘আমরা আসলে মাঠের লোক। মাঠে কাজ করেই আমাদের আয় করতে হয়। কবে মাঠেখেলা ফিরবে আবার কবে স্বাভাবিক জীবন যাত্রা ফিরবে তা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। মাঠে খেলোয়াড়দের কিছু শিখাতে পারলে তারা মাস শেষে আমাদের একটা বেতন দেয়, সেটা দিয়েই আমাদের সংসার চলে।’
অসহায় এসব কোচদের পাশে বিসিবির দাঁড়ানোটা নৈতিক দায়িত্ব বলে মনে করেন এই কোচ। তিনি আরওযোগ করেন, ‘বয়স ভিত্তিক ক্রিকেটারদেরকে তৃণমূল পর্যায় থেকে তৈরি করে আমরাই কিন্তু ঢাকায় পাঠাই। আমাদের হাত ধরেই কিন্তু এরা একদিন জাতীয় পর্যায়ে সুযোগ পায়। আমি মনে করি, এমন কোচদের খোঁজ নেওয়া বিসিবির দায়িত্বের মধ্যে পড়ে। বিসিবি যেখানে দ্বিতীয় বিভাগের ক্রিকেটারদের পর্যন্ত সহযোগিতার হাত বাড়াতে পারলো, আমাদের বিষয়গুলোও দেখা উচিত।’
মুরাদের মতো আরেকজন ক্রিকেট কোচ মো. জহির উদ্দিন বাবর। খুলনা সাউথ বাংলা ক্রিকেট একাডেমীর প্রশিক্ষক তিনি। নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘একাডেমীর মাধ্যমে খেয়ে পড়ে ভালোই ছিলাম। পরিবারের পাঁচ সদস্যের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি আমি। ক্রিকেট কোচিং করাতে গিয়ে অন্য কোন কাজও শেখা হয়নি বা করা হয়নি। গত তিন মাস ধরে খুবই অসহায় অবস্থায় দিন পার করছি।’
এভারগ্রীন ক্রিকেট একাডেমীর প্রশিক্ষক মো. আলমগীর হোসেন জানালেন, দেশের বিভিন্ন স্থানে কোচদের সহয়তায় অনেকে এগিয়ে এসেছে। কিন্তু খুলনার কোন কোচদের খবর কেউ রাখেনি। আমাদের কষ্টের ফলেই একজন খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পায়। ক্রীড়াঙ্গনসহ সকলের উচিত আমাদের পাশে দাঁড়ানোর।
খুলনা জেলা ক্রিকেট কোচিং এসোসিয়েশনের সাাধারণ সম্পাদক মনোয়ার আলী মনু মনে করেন, ক্রিকেট গড়ার কারিগরদের পাশে থাকা উচিত সরকার, বিসিবি ও সমাজের বিত্তবানদের। তিনি বলেন, ‘অন্যান্য অনেক জেলায় ক্রিকেট কোচেরা বিভিন্নভাবে সহায়তা পেয়েছেন। কিন্তু খুলনা এখনও পায়নি। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমেও খুলনার ক্রিকেট কোচদের জন্য একটি আবেদন করা হয়েছিলো।সেখান থেকেও কোন সাড়া আসেনি। বিসিবির কাছে এই সব ক্রিকেট কোচেরা খেলোয়াড় তৈরী করে পাঠায়। এই সময়ে বিসিবি তাদের পাশে থাকবে সেটাই আশা করবো।’

আইপিএল শুরু ২৬ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক
চলতি বছর মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এখনো মাঠে গড়ায়নি আইপিএলের এবারের আসর। নানা প্রতিকূলতা সত্ত্বেও যেভাবেই হোক আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি কিছুদিন আগে আইপিএল আয়োজনের প্রস্তুতি নিতে প্রাদেশিক ক্রিকেট সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এবার জানা গেল আইপিএল শুরু ও শেষের সম্ভাব্য তারিখ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী জুলাইয়ে আসতে পারে এ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সব কিছু বিচার-বিবেচনায় রেখে আইপিএল আয়োজনে বেশ জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজিত হলে এবার আইপিএল আয়োজন প্রায় অসম্ভব হয়ে যাবে। তবে বিশ্বকাপ না হলে সেপ্টেম্বর থেকে নভেম্বর জুড়ে হবে এবারের আইপিএল। এমনকি সম্ভব্য তারিখও চূড়ান্ত করেছে বিসিসিআই। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সূত্রানুযায়ী, ২৬সেপ্টেম্বর শুরু হয়ে ৮ নভেম্বর শেষ হবে আইপিএল। যদি ভারতে আইপিএল আয়োজন করা না যায় তবে দরকার হলে দেশের বাইরে আইপিএল আয়োজনে আগ্রহী বিসিসিআই।
এ প্রসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, আমরা আইপিএল আয়োজনের জন্য প্রস্তুত। এমনকি দিনতারিখও প্রায় চূড়ান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের পরই আমরা সূচি তৈরি করব। প্রয়োজনে দেশের বাইরেও আমরা টুর্নামেন্ট আয়োজন করতে পারি।
এবারের আইপিএলের ভেন্যুর ব্যাপারেও ভাবনা চিন্তা করে রেখেছে বিসিসিআই। খেলা দর্শকশূন্য মাঠে হবে এ বিষয় নিশ্চিত করে প্যাটেল আরো বলেন, ভারতে বা বাইরে যেখানেই আইপিএল হোক গোটা টুর্নামেন্ট ২-৩টা ভেন্যুর মাঝেই সীমাবদ্ধ রাখা হবে। আর দর্শক ছাড়াই হবে এবারের লিগ।


জেমি ডে’র সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
মৌখিকভাবে বাফুফে ও জেমিডে’র সম্পর্কটা ঠিকঠাকই ছিল। নতুন করে দুই বছরের জন্য এ ব্রিটিশ বাংলাদেশের কোচ হিসেবে চুক্তি করবেন সেটাও নিশ্চিত ছিল। বাকি ছিল কেবল কাগজ-কলমের একটা চুক্তি।
গতকাল মঙ্গলবার চুক্তির সেই আনুষ্ঠানিকতা শেষ করেছে বাফুফে। ১৬ আগস্ট থেকে বাংলাদেশের কোচ হিসেবে নতুন করে দায়িত্ব পালন শুরু করবেন জেমিডে। জেমি ডে’র নতুন দায়িত্বের প্রথম অ্যাসাইনমেন্ট বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের বাকি চার ম্যাচের প্রস্তুতি। আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রাথমিক দল কবে ঘোষণা হবে, কবে এবং কোথায় প্রস্তুতি হবে জাতীয় দলের এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। আজ বুধবার দুপুর ১২টায় ন্যাশনাল টিমস কমিটি ভার্চুয়াল সভা করবে।

পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান

ক্রীড়া প্রতিবেদক

সব হিসেব নিকেশ শেষ হয়েই গিয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী হিসেবে কেভিন রবার্টস আর থাকছেন না, জরুরী সভা ডেকে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বোর্ড সদস্যরা।
তবে বরখাস্ত হওয়ার আগে সম্মান বাঁচিয়ে পদত্যাগ করলেন কেভিন রবার্টস। মঙ্গলবার সিএ চেয়ারম্যান কার্ল এডিংস জানিয়েছেন তার পদত্যাগের খবরটি। অন্তবর্তীকালীন প্রধান নির্বাহীও নিয়োগ দেয়া হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী নিক হকলে বোর্ডে আপদকালীন দায়িত্ব পালন করবেন।

দলকে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দিলেন ইমরান

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সবকিছু চূড়ান্ত হয়েই আছে। খেলোয়াড় ২৯ জনসহ কোন ৪৩জন যাবেন ইংল্যান্ড সফরে তাও ঠিক করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবু বাকি ছিল সরকারের অনুমতি। যা ছাড়া কোনভাবেই বিদেশ সফরে যাওয়ার সুযোগ নেই ক্রিকেট দলের।
সোমবার সেই অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। দেশের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান ক্রিকেট দলকে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দিয়েছে। ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ইংল্যান্ড সফর ছাড়াও ক্রিকেটে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান। জুলাইয়ের শুরুর দিকেই ইংল্যান্ডে চলে যাবে পাকিস্তান। কেননা সেখানে গিয়ে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। এছাড়া নিজেদের দেশে কোন অনুশীলন ক্যাম্প করতে না পারায়, ইংল্যান্ডে গিয়েই নিজেদের অনুশীলন সারবে পাকিস্তান।

অবসর নিতে বিশ্বকাপের অপেক্ষায় হাফিজ

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ১৭ বছর ধরে। ধারণা করা হয়েছিল, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পরই হয়তো অবসরের ঘোষণা দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। কিন্তু না! তিনি এখন অপেক্ষায় রয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাফিজ নিজে অপেক্ষায় ছিলেন সেই বিশ্বকাপের। যেহেতু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপের ভাগ্য অনিশ্চিত, তাই হাফিজও নিজের অবসরের জন্য আরও সময় নিতে চান। এখনও পর্যন্ত বিশ্ব টোয়েন্টির ছয় আসরের মধ্যে পাঁচটিতেই খেলেছেন হাফিজ। শুধু ছিলেন না পাকিস্তানের শিরোপাজয়ী ২০০৯ সালের আসরে। ফলে তার মধ্যে রয়ে গেছে শিরোপা ছোঁয়ার ক্ষুধা। যা মেটানোর জন্য ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, টি-টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন হাফিজ।

১২ দিনে শেষ হবে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে হারিয়ে গেছে বড় একটা সময়। গত ১৩ মার্চ থেকে বন্ধ ইউরোপিয়ান কাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা। যা শুরু হয়নি এখনও। তবে পুনরায় চ্যাম্পিয়নস লিগ শুরুর জন্য ম্যাচসংখ্যা কমিয়ে মিনি টুর্নামেন্টের পরিকল্পনা করেছে উয়েফা।
স্থগিত হওয়ার আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের চারটি ম্যাচ হয়ে গেছে। যেখান থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে প্যারিস সেইন্ট জার্মেই, লেইপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আটলান্টা। বাকি চার ম্যাচ না হওয়ায় চূড়ান্ত হয়নি কোয়ার্টারের ৮ দল। তবে এটি চূড়ান্ত না করেই ‘শেষ আট’র মাধ্যমে ১২ দিনের মধ্যে চ্যাম্পিয়নস লিগ শেষ করার পরিকল্পনা করেছে উয়েফা। যেখানে থাকবে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ, সেমিফাইনালের দুই ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি। আগামী ১২ থেকে ২৩ আগস্ট পর্যন্ত, ১২ দিন সময়ে এই ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা উয়েফার।

রোনালদোকে কিনতে চেলসির দৌড়ঝাঁপ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান কাব ফুটবলের সব দল যখন ধীরে চলো নীতি মেনে চলার চেষ্টা করছে, তখন ব্যতিক্রম ইংলিশ কাব চেলসি। করোনাকালের মধ্যেই একের পর এক দলবদলের খবর ও গুঞ্জন তৈরি করে যাচ্ছে তারা।
এরই মধ্যে নেদারল্যান্ডসের কাব আয়াক্স থেকে কিনে নিয়েছে মিডফিল্ডার হাকিম জিয়েচকে। এছাড়া জার্মানির তরুণ ফরোয়ার টিমো ওয়ের্নারকেও লেইপজিগ থেকে দলে নেয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। মাঝে শোনা গিয়েছিল, পোর্তোর ফরোয়ার্ড লুকাস করোনাকেও দলে নেবে চেলসি। আর এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দলে ভেড়াবে চেলসি। গ্লোবাল প্রেসের বরাত দিয়ে দলবদলের এই সম্ভাবনার খবর ছেপেছে স্পেনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মার্কা।
তাও কোন যেনতেন মূল্যে নয়, রোনালদোকে স্ট্যামফোর্ড ব্রিজে পেতে ১২০ মিলিয়ন ইউরো (প্রায় ১২শ কোটি টাকা) খরচ করতে রাজি চেলসি। চলতি মৌসুম শেষ হওয়ার আগেই রোনালদোর বর্তমান কাব জুভেন্টাসে এই বড় অঙ্কের প্রস্তাব দেয়া হবে বলে জানানো হয়েছে খবরে।

টানা জয়হীন থাকার রেকর্ড গড়ল শালকে

ক্রীড়া প্রতিবেদক
ইনজুরিগ্রস্ত শালকের সঙ্গে ১-১গোলে ড্রয়ের মাধ্যমে আবারও চ্যাম্পিয়নস লিগের প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছে বায়ার লেভারকুজেন। অপরদিকে রোববার বুন্দেসলিগার ম্যাচে ওই ড্রয়ের ফলে টানা ১৩ লিগ ম্যাচে জয়হীন থাকার রেকর্ড গড়েছে শালকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বুরকিনা ফাসোর ডিফেন্ডার এডমন্ড তাপসোবার হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন শালকে তারকা ড্যানিয়েল ক্যালিগিউরি। কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র ৯ মিনিট আগে ডিফেন্ডার হুয়ান মিরান্ডার আত্মঘাতী গোলে ফের সমতায় ফিরে তারা। এর ফলে বাড়িয়ে নেয় নিজেদের জয়হীন থাকার সংখ্যাও। সপ্তাহের মধ্যভাগে ৪ জুলাই’র জার্মান কাপের ফাইনালে জায়গা করে নেওয়া লেভারকুজেন এখন অবস্থান করছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। তাদের হাতে এখনও তিনটি ম্যাচ অবশিষ্ট আছে। শেষ পর্যন্ত নিজেদের ওই অবস্থান ধরে রাখতে পারলে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত আসরে খেলার সুযোগ পাবে তারা।

আজ মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের দাপটের সামনে ১০০ দিন বন্ধ থাকার পর আজ বুধবার মাঠে গড়াতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ। বিশ্বব্যাপী মহামারীতে বদলে যওয়া পরিস্থিতিতেই খেলাটি শুরু হলেও শিরোপা অনেকটাই নিশ্চিত করে রেখেছে লিভারপুল।
করোনাভাইরাসের লকডাউন শেষে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে জার্মানের শীর্ষ লিগ বুন্দেসলিগা ও স্পেনের লা লিগা। এবার ছয় সপ্তাহের মধ্যে লিগের ৯২টি ম্যাচ আয়োজনের লক্ষ্য নিয়ে ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। যা খেলোয়াড়দের নাভিশ্বাস তুলে দিতে পারে। আজ অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে মাঠে ফিরবে প্রিমিয়ার লিগ। পরের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

আগস্টেই শুরু ইউএস ওপেন

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সঙ্গে লড়াই শেষ হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যা বাড়ছেই। মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। তারপরও জীবন আর কতদিন থেমে থাকে। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। এরমধ্যে মাঠের খেলাও ফিরতে শুরু করেছে। জানা গেল করোনা শঙ্কা কাটিয়ে আগস্টে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন টেনিস।
যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন পরিস্থিতির উপর নজর রাখছে। আগামী ৩১ আগস্ট থেকে চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেন শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে তার আগে অনুমোদন পেতে হবে এটিপি ও ডব্লিউটিএ-র। এরমধ্যে ২৩ আগস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও ৩১ আগস্ট এই গ্র্যান্ড স্ল্যাম শুরু করতে চাইছেন আয়োজকরা। এনিয়ে শিগগিরই সিদ্ধান্তে আসবে তারা।

কাতার বিশ্বকাপের আরো একটি স্টেডিয়ামের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক
কাতার বিশ্বকাপের জন্য বেশ দ্রুতগতিতে স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন করে চলেছে আয়োজকরা। তারই ধারাবাহিকতায় সোমবার নবনির্মিত এডুকেশন সিটি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাসের কারণে স্টেডিয়ামটি অনাড়ম্বরভাবে উদ্বোধন করা হয়।
কাতারের বিখ্যাত ফিলহারমোনিক অর্কেষ্ট্রা দল মাস্ক ও গ্লাভস পরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুরের মূর্ছনার সঙ্গে সকলের কাছে স্টেডিয়ামটিকে পরিচয় করিয়ে দেন। এ সময় দলটির চারপাশে মোমবাতি জ্বালিয়ে স্টেডিয়ামের সকল নির্মাণ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। করোনা মহামারীর মাঝেও থেমে নেই স্টেডিয়াম নির্মাণের কাজ। যারা সরাসরি এই কাজে জড়িত অর্থাৎ শ্রমিকদেরকে কাতারে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পুরোটাই টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানে মূলত বিশ্বের সকল দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এডুকেশন সিটি স্টেডিয়ামটি ২০২২ কাতার বিশ্বকাপের সাতটি ভেন্যুর অন্যতম। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে ২০২২ বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসির আল-খাতের বলেন, বিশ্বজুড়ে যারা সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান তাদের কাজের প্রতি একটি ক্ষুদ্র সম্মাননা।