ঢাকা অফিস।।
অল্প বিনিয়োগের প্রলোভন দেখিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে কানাডা ও দুবাইভিত্তিক প্রতিষ্ঠান অনলাইন অ্যাপ এমটিএফই। যার পুরো নাম মেটাভার্স ফরেন এক্স চেঞ্জ গ্রুপ ইনকর্পোরেটেড। গ্রাম থেকে শহর, সর্বত্রই এর প্রতারণার জাল ছড়িয়ে পড়েছিল। স্কুলছাত্র থেকে বৃদ্ধ, কুলি-কৃষক থেকে ব্যবসায়ী-চাকরিজীবী, কেউই এ প্রতারণার ফাঁদ থেকে রেহাই পাননি।
এমটিএফই’র প্রতারণার রহস্য উদ্ঘাটন এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট। অ্যাপস ‘এমটিএফই’র পেছনে দেশের কারা রয়েছেন তা শনাক্ত হয়নি। তাদের সম্পর্কে খোঁজ পেতে ছায়া তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কয়েকটি ইউনিটও তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে এমটিএফই’র প্রতারণার ঘটনায় রাজশাহীতে দায়ের করা একটি মামলায় গত ২৩ আগস্ট রাজশাহীর মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে ও এমটিএফইর সদস্য দিপেন্দ্রনাথ সাহা এবং তার সহযোগী লতিফুল বারি। লতিফুল নওগাঁ জেলার মহাদেবপুর থানার আব্দুর রশীদের ছেলে।
২৪ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, নগরীর রাজপাড়া থানায় এমটিএফই’র মাধ্যমে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মাধ্যমে অনেকেই এখানে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে, অনেক এমটিএফই’র প্রতারণার শিকার অনেক ভুক্তভোগী সিআইডিতে যোগাযোগ করছেন। তারা সিআইডিকে প্রতারক প্রতিষ্ঠানটির বিষয়ে নানা তথ্য-উপাত্ত দিচ্ছেন বলে জানিয়েছে সিআইডি। তবে কতজন ভুক্তভোগী যোগাযোগ করেছেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারেনি সিআইডি।
এমটিএফই অনলাইন বা ভার্চুয়াল দুনিয়ায় ডলার, শেয়ার বা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার কানাডা ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান। এমটিএফই অ্যাপস এর মাধ্যমে গ্রাহকদের শেয়ার বাজারে বিনিয়োগ করতে আহ্বান জানানো হয় এবং লেনদেন পরিচালনা করা হয়। নিজেদের ছায়া প্ল্যাটফরমে ট্রেড করার সুযোগ দিয়ে এই অ্যাপ সম্প্রতি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠে।
বাংলাদেশে এর কোন অফিস না থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে কার্যক্রম শুরু হয়। ঘরে বসে সহজে আয়ের পথ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে ব্যাপক প্রচারণা চালায়। বিভিন্ন ভিডিও ও বিজ্ঞাপন দেখে ভুক্তভোগীরা আগ্রহী হয়। সবচেয়ে বেশি আগ্রহী হয় একজন আরেকজনকে দেখে, এক্ষেত্রে রেফারেল বা মাল্টিলেভেল মার্কেটিং কাজ করে।
সিআইডি বলছে, এমটিএফইও এমএলএম পদ্ধতিতে কাজ করেছে। বেশি লাভের আশায় লাখ লাখ মানুষ অ্যাপসটিতে বিনিয়োগ করেছে। কিছু মানুষ অবশ্য লাভের অংশ পেয়েছে। তবে চূড়ান্ত বিচারে বিনিয়োগের সব অর্থই খোয়াতে হয় গ্রাহকদের। ঢাকাসহ বরিশাল, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, কুমিল্লা এবং সাতক্ষীরাতে প্রতারণা সবচেয়ে বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে, সারাদেশে চার থেকে পাঁচ লাখ গ্রাহক এমটিএফই এর মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা খুইয়েছেন।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, এমটিএফই-এ জড়িতদের গ্রেপ্তার বা কার্যকর ব্যবস্থা নিতে বিএফআইইউ’র তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে সিআইডিকে। কেননা, অর্থপাচার বা লেনদেনের তথ্য বিএফআইইউ সংরক্ষণ করে থাকে। কোনো অস্বাভাবিক লেনদেনের তথ্য পেলে তা সিআইডিকে জানানো হয়। এরপর সিআইডি ব্যবস্থা নিয়ে থাকে।
এছাড়া এখনও এমটিএফই প্রতারণার বিষয়ে ক্ষতিগ্রস্ত কোনো গ্রাহক লিখিত অভিযোগ বা মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে ছায়া তদন্তে নেমেছে সিআইডি।
এদিকে এমটিএফই সংশ্লিষ্টদের সম্পর্কে তথ্য চেয়ে অনলাইনে বিনিয়োগ করে প্রতারণার শিকার গ্রাহকদের সুরক্ষা প্রদানকারী একটি আন্তর্জাতিক সংস্থার শরণাপন্ন হয়েছে সিআইডি।
সিআইডি সূত্র জানিয়েছে, কারা এই প্রতারণা ও অর্থ আত্মসাতে জড়িত তা নিশ্চিত হতে অনলাইনে ভার্চুয়াল মুদ্রা আদানপ্রদান ও গ্রাহকদের সুরক্ষায় কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওসিসি) ও অন্তারিও সিকিউরিটিজ কমিশনের (ওআরসি) কাছে ‘মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা এমটিএফই’র বিষয়ে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে। ওআরসির ওয়েবসাইট ঘেটে দেখা গেছে, এমটিএফই তাদের রেজিস্ট্রেশনভুক্ত নয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, এমটিএফইসহ অনলাইন প্রতারণার বিষয়ে তথ্য চেয়ে সিআইডি বিশেষ হটলাইন চালু করেছে। সেখান থেকেও এ বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তিনি জানান, অনেক ভুক্তভোগী সিআইডিতে যোগাযোগ করছেন। অভিযোগ জানাচ্ছেন। প্রতিকার চাচ্ছেন। নানা তথ্য দিচ্ছেন। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি।
অনলাইনে ভার্চুয়াল মুদ্রা লেনদেনকারী বা বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে কাজ করে থাকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওসিসি), অন্তারিও সিকিউরিটিজ কমিশনসহ (ওআরসি) কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে তাদের নিজস্ব ওয়েবসাইটে বলা আছে, পদ্ধতিগত ঝুঁকি হ্রাস করে অন্যায্য, অনুপযুক্ত বা প্রতারণামূলক লেনদেন থেকে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান করা, ন্যায্য, দক্ষ এবং প্রতিযোগিতামূলক পুঁজিবাজার এবং পুঁজিবাজারে আস্থা তৈরি করা, পুঁজি গঠনকে উৎসাহিত করা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতায় অবদান রাখা আমাদের লক্ষ্য।











































