Home Uncategorized রাজনৈতিক মহড়ায় ‘বড় বার্তা’ দিতে চায় আ.লীগ

রাজনৈতিক মহড়ায় ‘বড় বার্তা’ দিতে চায় আ.লীগ

80

ঢাকা অফিস।।
ঘাড়ে নিশ্বাস ফেলছে আগামী জাতীয় নির্বাচন। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি সরকারবিরোধী শিবিরে। বিএনপি ও তার যুগপৎ আন্দোলনের সঙ্গীরা এক দফা দাবির আন্দোলন করছে গত ১২ জুলাই থেকে। বিরোধীদের সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ঘিরে শান্তি সমাবেশ নিয়ে মাঠে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগও। আন্দোলনের ধারাবাহিকতায় সক্রিয় হয়ে ওঠে ক্ষমতাসীন ১৪-দলীয় জোটও। গত ২৯ জুলাই রাজধানী ঢাকার প্রবেশদ্বারে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

ওই দিনের কর্মসূচির পর বিরোধীদের এক দফার সরকার পতন আন্দোলনে ছন্দপতন ঘটেছে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। আর এই সুযোগে রাজনীতির মাঠে নিয়ন্ত্রণকে আরও পাকাপোক্ত করতে চায় দলটি। আওয়ামী লীগের নেতারা বলছেন, আগস্টজুড়ে নানা কর্মসূচি নিয়ে রাজনীতির শোকের মাস পালন করেছেন দল, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। এরই মাঝে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন তারা। এবার রাজধানী ঢাকায় বড় লোকসমাগম করে রাজনৈতিক মহড়ার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি মানুষের আস্থার বার্তা দেশে-বিদেশে পৌঁছে দিতে তৎপর দলটির নেতা-কর্মীরা।

প্রতিবছর ৩১ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ছাত্র সমাবেশ করে থাকে ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সমাবেশ হওয়ার রীতি রয়েছে। গত বছর কর্মসূচিটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল। এবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কর্মসূচিটি এক দিন পিছিয়ে ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘৩১ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আমরা প্রথাগত আয়োজন করে থাকি। কিন্তু এবার প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যার নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগের বিবেচনায়, যেহেতু ৩১ তারিখে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং সেটি বৃহস্পতিবার, সাপ্তাহিক ছুটির দিন নয়। এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এবং জনদুর্ভোগ বিবেচনায় আমরা ঠিক তার পরদিন অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে ১ তারিখকে আমরা বেছে নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা এই ঐতিহাসিক সুবিশাল ছাত্র সমাবেশের মধ্য দিয়ে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের কাছে একটি বার্তা সুস্পষ্ট প্রদান করতে চাই। ১ তারিখের সমাবেশে লাখ লাখ শিক্ষার্থীর উপস্থিতি হবে। বাঁধভাঙা জোয়ারে, শিক্ষার্থীদের তারুণ্যের উচ্ছ্বাসে উদ্ভাসিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সেই সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক জমায়েত থেকে, শিক্ষার্থীদের পদচারণামুখর থেকে আমরা যে বার্তাটি দিতে চাই, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের, তরুণদের, যুবকদের অকুণ্ঠ সমর্থন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি রয়েছে। যার প্রতিফলন নিশ্চিতভাবে প্রতিফলিত হবে আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিষ্ঠেয় নির্বাচনে। তরুণদের মার্কা, শিক্ষার্থীদের মার্কা, ছাত্রদের মার্কা, ছাত্রীদের মার্কা স্মার্ট বাংলাদেশের, স্মার্ট প্রজন্মের মার্কা নৌকার নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে।’

আগামী ১ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ সফল করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ এবং তাদের অধীনে থাকা বিভিন্ন ইউনিট দফায় দফায় বৈঠক করছে। ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই দিন রাজধানীতে পাঁচ লাখের বেশি ছাত্র জমায়েত হবে। অন্যদিকে সাংগঠনিক ইউনিটগুলো থেকে সর্বোচ্চসংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

এদিকে আগামী ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ৩টা থেকে পুরোনো বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশ করা হবে। প্রথম দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের তত্ত্বাবধানে এ সুধী সমাবেশ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা থেকে সরে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে এ সুধী সমাবেশ করা হবে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানান।

রাজনৈতিক মহড়ার মাধ্যমে মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, এটি দেশ ও বিদেশিদের কাছে এ বার্তা আওয়ামী লীগ দিতে চায় বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি বলেন, মানুষ শেখ হাসিনাকে পুনরায় এ দেশের ক্ষমতায় দেখতে চায়। মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের মাধ্যমে তারা ভাগ্যবদল করতে চায়। অন্য কোনো পথ বা সন্ত্রাসী কার্যকলাপের মনোভাব প্রকাশ করা এবং শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘এতে সুধীজনরাও থাকবেন, নেতা-কর্মীরাও থাকবেন। আমাদের বিশ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের উদ্বোধনে অনেকেই সাক্ষী হওয়ার জন্যই যাবেন। যেমন মেট্রোরেলের উদ্বোধনের দিনও গিয়েছিলেন। এ কারণে আলাদা উৎসাহ-উদ্দীপনাও আছে।’

এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেহেতু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প, সে জন্য সুধী সমাবেশ তাদের তত্ত্বাবধানে হবে। গত শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের মিছিল মানে সারা শহরে ঢল নামে। দেখবেন ২ তারিখে (২ সেপ্টেম্বর), দেখবেন ১ তারিখে তারুণ্যের সমাবেশ। ওই দিন লক্ষ তরুণের হাতে আমরা দেখাব বিজয়ের পতাকা হাতে, শোকের কালো পতাকা নয়।’

নির্বাচন এবং বিরোধীদের আন্দোলন কর্মসূচিকে মাথায় রেখে সুধী সমাবেশ ব্যাপক পরিসরে করতে চায় আওয়ামী লীগ। সর্বোচ্চ নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করে রাজনৈতিক মাঠ ক্ষমতাসীনদের দখলে আছে- এমন বার্তা বিদেশিদের দিতে চায় আওয়ামী লীগ। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে।

সুধী সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও দলটির সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথক বর্ধিত সভা করছে। এরই মধ্যে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহসহ আশপাশের জেলার নেতা ও জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে তৃণমূলের স্ব স্ব ইউনিট থেকে সর্বোচ্চসংখ্যক নেতা-কর্মী আনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।