স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান সফরে নিজেদের যাওয়া সম্পর্কে নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজিব শুকলা। বিষয়টি জানিয়েছেন রজার বিনি নিজেই। খবর ক্রিকেট পাকিস্তানের।
একটি বিবৃতিতে জানানো হয়েছে, রজার এবং রাজিব শুকলা আগামী ৪ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবেন। অফিসিয়াল অভ্যর্থনা গ্রহণ ছাড়াও তারা এশিয়া কাপের ম্যাচ দেখবেন সেখানে।
রজার বলেছেন, ‘পাকিস্তান যেতে তার কোনো সংশয় নেই। পাকিস্তান সফর সবসময়ই তার জন্য স্মরণীয়। পাকিস্তান অত্যন্ত অতিথিপরায়ণ। পাকিস্তান সফর নিয়ে আমি আশাবাদী এবং এই সফরের মধ্য দিয়ে পাকিস্তান ও ইন্ডিয়ার ক্রিকেট সম্পর্ক আরও এগিয়ে যাবে। এশিয়ায় পাক-ভারত খেলা সবচেয়ে উত্তেজনাকর এবং জনপ্রিয় প্রতিযোগিতা।’
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে যাচ্ছেন রজার বিনি। সবশেষ ২০০৫ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যাম্পে পাকিস্তানে গিয়েছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি।
এর আগে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহকে এশিয়া কাপের উদ্বোধনী খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।









































