Home আঞ্চলিক সন্ত্রাসী ভাইপো রাকিবসহ গ্রেফতার ৫, অস্ত্র-গুলি উদ্ধার

সন্ত্রাসী ভাইপো রাকিবসহ গ্রেফতার ৫, অস্ত্র-গুলি উদ্ধার

130

শহিদুল ইসলাম দইচ।।

যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন। মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে যশোর, গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) র‍্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটক আসামিরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত সন্ত্রাসী ২৫টি মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।

র‍্যাব-৬ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী ৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি- বিদেশী আগ্নেয়স্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আসামিদের মধ্যে অন্যতম ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়াও তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। অন্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের তাদের কাছে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতেন।
তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা প্রচেষ্টা, ও বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।