Home আঞ্চলিক ফলে সমৃদ্ধ মেহেরপুর, যাচ্ছে বিদেশে

ফলে সমৃদ্ধ মেহেরপুর, যাচ্ছে বিদেশে

63

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালিসহ নানা জাতের আমের কদর রয়েছে দেশে। হিমসাগর ও ল্যাংড়া স্বাদে-গন্ধে অতুলনীয়। কথাগুলো সদরের ঝাউবাড়িয়া খাঁ পাড়ার বাগান মালিক শাহিনুর রহমানের। পাটকেলপোতা গ্রামের রফিকুল আলমের ভাষ্য, ২০১৬ সালে বাগানে ফ্রুট প্রটেকশন ব্যাগিং করেন। ভালো দামও পেয়েছেন। ২০১৭ ও ১৮ সালে আম ইউরোপে সুনাম কুড়িয়েছে। তবে করোনাকালে লোকসান হয়। এ বছর ফের আম রপ্তানি হয়েছে।

শুধু আম নয়, লিচু-কলাসহ নানা ধরনের ফলে সমৃদ্ধ হচ্ছে মেহেরপুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার টন। উৎপাদন হয়েছে ৩৮ হাজার ৪০০ টন। প্রতি টন বিক্রি ৩৫ থেকে ৭০ হাজার টাকা হিসাবে অন্তত ২০০ কোটি টাকার আম বিক্রি হয়েছে।
গত বছর লক্ষ্যমাত্রা ৩৬ হাজার টন থাকলেও উৎপাদন হয় ৩১ হাজার ৫০০ টন। ১১০ কোটি টাকার বিক্রি হয়েছিল। এ বছর ৯০ কোটি টাকা বেশি আম বিক্রি হয়েছে। আগামী বছর ২৫০ কোটি টাকার বিক্রির আশা সংশ্লিষ্টদের। ব্যাবসায়ী হাসানুজ্জামান খোকন বলেন, সংরক্ষণাগার থাকলে ভালো হতো।

রপ্তানিকারকের প্রতিনিধি মফিজুর রহমান বলেন, করোনার প্রভাব কেটে যাওয়ায় এবার কিছু আম ইউরোপে রপ্তানি হয়েছে। আগামী বছর রপ্তানি বাড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, সংরক্ষণাগার করতে পারলে কৃষকরা ইচ্ছেমতো বিক্রি করতে পারবেন।

আমের পাশাপাশি জেলায় আটি, বোম্বাই, মোজাফফরি, বেদানা ও চায়না-৩ জাতের লিচুর আবাদ হচ্ছে। কৃষি বিভাগের হিসাবে, জেলায় ৬৯০ হেক্টর জমিতে লিচুবাগান রয়েছে। অন্তত ৩০ কোটি টাকার লিচু বিক্রি হয়। মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের মাঞ্জারুল ইসলাম বলেন, তাঁর ১৩টি গাছ আছে। এ বছর ১ লাখ ১৮ হাজার টাকার লিচু বিক্রি করেছেন।

স্থানীয়ভাবে উদ্ভাবিত মেহেরসাগর কলা চাষে কৃষকরা লাভবান হওয়ায় দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। কৃষি বিভাগের হিসাবে, এ বছর কলা চাষ হয়েছে ২ হাজার ৬৪০ হেক্টর জমিতে। সেচে খরচ বাড়লেও দামে পুষিয়ে যাচ্ছে। বিঘায় খরচ ৩০-৩৫ হাজার টাকা। বিক্রি ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।

সদর উপজেলার মোহন শেখ বলেন, তাঁর পাঁচ বিঘা জমির কলায় খরচ বাদে ২ লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন। সাথি ফসল পেঁয়াজে কলা চাষের খরচ উঠে গেছে। ব্যবসায়ী আতিয়ার রহমানের ভাষ্য, মেহেরসাগর কলার দাম ভালো। স্পট না থাকায় চাহিদা প্রচুর।

জেলা শস্য উৎপাদন ও কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সামসুল আলম বলেন, মেহেরপুর কলা চাষের উপযোগী। রোগবালাইও কম। জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, মেহেরপুরের হিমসাগরের ব্র্যান্ডিং স্বীকৃতির চেষ্টা চলছে। সংরক্ষণাগারের বিষয়ে কৃষি বিভাগকে উদ্যোগী হতে বলেছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীও আশ্বাস দিয়েছেন।