Home আঞ্চলিক সেনেরবাজার-কালিয়া সড়কের বেহালদশা

সেনেরবাজার-কালিয়া সড়কের বেহালদশা

73

 

ইয়াসিন আহমেদ জীবু।।

খুলনা ও নড়াইল জেলার অন্যতম সংযোগ সড়ক সেনের বাজার-কালিয়া সড়ক। সুদীর্ঘ ১০ বছরেও পরিকল্পিত কোনো সংস্কার হয়নি এ সড়কের। যারফলে চলাচলের অচল হয়ে পড়েছে ৩৬ কিলোমিটারের সড়কটি। জ্বরাজীর্ণ এ সড়ক ব্যবহারে প্রতিদিনই ছোট-বড় দূর্ঘটনার সম্মুখীন হচ্ছেন পথচারীরা। রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার চেয়ারম্যান-মেম্বারদের বললেও সমাধান পায়নি ভুক্তভোগীরা।

সেনের বাজার-কালিয়া সড়কটি ব্যবহার করে খুলনার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া এবং নড়াইলের কালীয়া উপজেলার লাখো মানুষ। আন্তঃজেলা ও খুলনার অভ্যন্তরিন যোগাযোগে সড়কটির গূরুত্ব অপরিসীম। অথচ চরম অবহেলায় ভুগছে খুলনা-নড়াইলের এই সংযোগ সড়ক। যে রাস্তায় এক সময় বাস চলতো তা আজ একদম পরিত্যাক্ত হওয়ার পথে। একান্ত বাধ্য হয়েই এই রাস্তা এখনো ব্যবহার করে যাচ্ছেন দিঘলিয়া-কালিয়া সংলগ্ন এলাকাবাসী। তবে এখন বাহন হিসেবে তাদের ভরসা লেগুনা, আটো আর ভ্যান।

সরেজমিনে দেখা যায়, খানা-খন্দে ভরপুর সড়কটিতে মাঝিরগাতি থেকে কোলা বাজার এলাকার ৮ কিঃমিঃ অংশের অবস্থা সবথেকে বেহাল। সড়কের অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অংশগুলোতে খেজুর গাছের পাতা দিয়ে চিহ্নিত করে রেখেছেন এলাকাবাসীরা। ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে লেগুনা, অটো, ভ্যান আর মোটরসাইকেল। মাঝে মধ্যেই দেখা মেলে যানবহন থেকে যাত্রীদের পড়ে যাওয়ার আশঙ্কা।

স্থানীয়রা জানান, নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি থাকলেও তা প্রকৃতঅর্থে বাস্তবায়ন হয়না। সড়কের বেহাল দশার ফলে ইতিমধ্যে বন্ধ হয়েছে বাস চলাচল। লেগুনা আর অটো নির্ভর চলাচলও হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হচ্ছেন এই সড়ক ব্যবহারকারীরা। রোগীদের এই পথ দিয়ে হাসপাতালে নেওয়াও যেন এক প্রকার আজাব। রাস্তার ঝাঁকিতে আরো মুমূর্ষু হয়ে পড়ে রোগীরা। সেইসাথে অসুস্থ হয়ে পড়ে রোগীর স্বজনরাও। এলাকার চেয়ারম্যান-মেম্বারদের বারবার বলেও কোনো সমাধান পাচ্ছেন না ভুক্তভোগী পথচারীরা।

১ নং গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু বলেন, রাস্তার এই বেহাল দশা ভুক্তভোগী এই ইউনিয়নবাসী। রাস্তার সংস্কারে তার প্রচেষ্টার কোনো কমতি নেই। তবে, খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) বারবার ধন্না দিয়েও মিলছে না সমাধান। এতে করে এলাকাবাসী তার অপর অসন্তুষ্ট হচ্ছেন প্রতিনিয়ত। নিজের দিক থেকে যথা সম্ভব চেষ্টা করেও নিশ্চিত করতে পারছেন না নাগরিক সেবা।

দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তাহের সাইফুল কালাম বলেন, ইতিমধ্যে সড়কটির নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বর্ষা মৌসুমের ফলে দেখা দিয়েছে ধির গতি। বর্ষা মৌসুম শেষ হলেই শুরু হবে এই সড়কের মেরামত কাজ।

তবে আর প্রতিশ্রুতি নয় এবার স্বচক্ষে সড়কের উন্নয়ন দেখতে চায় এলাকাবাসী। তাদের আশা এ বছরের শেষ নাগাদ মেরামত হবে গূরুত্বপূর্ণ এ সড়ক। আর পুনরায় চালু হবে বাস চলাচল।