স্টাফ রিপোর্টার।।
পুনর্র্নিমাণ ও প্রশস্ত করার মাত্র তিন বছরের মধ্যেই বেহাল খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক। পিচ উঠে যাওয়ায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এছাড়া সড়কের অনেক স্থান দেবে গেছে, সেই পিচ সরে গিয়ে পাশে তৈরি হয়েছে ঢিবির মতো। নিম্নমানের কাজ হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ ওই সড়কে চলাচলকারীদের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, পদ্মা সেতু চালুর পর ওই সড়কে যানবাহন বেড়েছে দ্বিগুণ। এছাড়া সড়কের সক্ষমতার চেয়ে এখন ভারী যানবাহন চলাচল করায় এমন পরিস্থিতি।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মোট দৈর্ঘ্য ৬৪ কিলোমিটার। সড়কটি পুনর্র্নিমাণ কাজ শুরু হয় ২০১৮ সালে, যা শেষ হয় ২০২০ সালের জুনে। খুলনার জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ বিভাগের খুলনা কার্যালয়ের অধীন। খুলনা অংশের ওই ৩৩ কিলোমিটার সড়ক পুনর্র্নিমাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় ১৬০ কোটি টাকা। সড়কটি ১৮ ফুট থেকে ৩৬ ফুটে প্রশস্ত করা হয়। বালু, খোয়া ও পাথরসহ বিভিন্ন উপাদান দিয়ে সড়কের পুরুত্ব করা হয় প্রায় তিন ফুট।
এলাকাবাসী ও এই সড়কে চলাচলকারীদের অভিযোগ, নির্মাণ কাজ শেষ হওয়ার ৩ বছরের মধ্যে এই সড়কে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। কিছু স্থানে পিচ সরে গিয়ে পাশেই তৈরি হয়েছে ঢিবির মতো। এর ফলে এই সড়ক দিয়ে চলাচলে সৃষ্টি হচ্ছে দুর্ভোগের। নিম্নমানের বিটুমিন ও নির্মাণ সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যে সড়কের অবস্থা বেহাল হয়ে গেছে।
ওই সড়কের ইজিবাইকচালক হারুন অর রশীদ ও মাহিন্দ্র চালক দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সড়কটির নির্মাণ কাজ ভালো হয়নি। যদি ভালো হতো তাহলে মাত্র তিন বছরের মধ্যে এতো গর্ত ও উঁচু-নিচু হতো না। তারা আরও বলেন, দিনের বেলা দেখেশুনে গাড়ি চালানো গেলেও রাতে খুবই সমস্যা হয়। এছাড়া এই সড়কে যারা যানবাহন নিয়ে নতুন আসে তাদের অনেকে দুর্ঘটনার শিকার হয়।
বাসচালক মতিয়ার রহমান বলেন, অনেক সময় দূর থেকে সড়কের ওই খারাপ অবস্থা বোঝা যায় না। সেজন্য বেশি সমস্যা হয়। বিশেষ করে রাস্তা দেবে গিয়ে ঢেউয়ের মতো হওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখা যায় না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জিরো পয়েন্ট এলাকায় সড়কের বেশ কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। এছাড়া বেশ কয়েকটি স্থানে পিচ সরে গিয়ে পাশে উঁচু ঢিবি তৈরি হয়েছে। রাজবাঁধ এলাকার বিদ্যুৎ অফিসের সামনে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গা হয়ে গেছে ঢেউ খেলানো। এছাড়া কৈয়া বাজার, ডুমুরিয়া বাজার, চুকনগর বাজারের আগে ও পরে সড়কের অবস্থা জরাজীর্ণ।
এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী শহীদুল ইসলাম ও মোস্তফা কামাল বলেন, সড়কটি নির্মাণের পর প্রথম দুই বছর আমরা স্বস্তিতে ছিলাম। এরপর থেকেই সড়কের অবস্থা খারাপ হতে থাকে। এখন এই সড়ক দিয়ে চলাচলের সময় অনেক ঝাঁকুনি সহ্য করতে হয়। তারা আরও বলেন, মাঝেমাঝে সড়ক বিভাগ সুরকি দিয়ে গর্ত ভরাট করে। কিন্তু ভারী বৃষ্টি হলে আবার সেই স্থানে গর্ত তৈরি হয়।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর এই সড়কে যানবাহনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বাড়তি চাপের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুনর্র্নিমাণের সময় এটি আঞ্চলিক মহাসড়ক ছিল। সড়কটির সর্বোচ্চ ওজন নেয়ার সক্ষমতা সাড়ে ২২ মেট্রিক টন। কিন্তু ভোমরা স্থলবন্দর দিয়ে পাথরসহ যেসব পণ্য খালাস করে ঢাকায় নেয়া হয়, ওই সব ট্রাকের ওজন থাকে প্রায় ৫০ মেট্রিক টন। সে কারণেও সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, আগে এটি আঞ্চলিক মহাসড়ক থাকলেও গত জানুয়ারি মাসে জাতীয় মহাসড়কের অনুমোদন মিলেছে। এখন সড়কটিকে জাতীয় সড়কের অবকাঠামো অনুযায়ী উন্নীত করার জন্য একটি প্রকল্প তৈরি করা হবে।











































