Home খেলাধুলা বিশ্বকাপের সেমিফাইনালে যে ৪ দেশকে দেখছেন চ্যাপেল

বিশ্বকাপের সেমিফাইনালে যে ৪ দেশকে দেখছেন চ্যাপেল

18

স্পোর্টস ডেস্ক।।

শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণগণনা। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের এখনো দেড় মাসের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির, বীরেন্দর শেবাগ, এবিডি ভিলিয়ার্স, আকাশ চোপড়া, সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটের সাবেক তারকারা। এবার সেই দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্রেগ চ্যাপেল।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে ভারতের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপে ৪ সেমিফাইনালিস্ট হিসেবে চ্যাপেলের পছন্দ অন্যান্য সাবেক তারকাদের মতোই। প্রথমেই তিনি বেছে নিয়েছেন ভারতকে। এরপর একে একে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।

চ্যাপেল বলেছেন, ‘আমার মনে হয় চারটি দলের মধ্যে ভারত অবশ্যই, এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। এরাই সেরা ৪ দল। অন্যান্য এশিয়ান দলও লড়াই করবে কিন্তু আমি এই ৪ দলের সম্ভাবনাই দেখছি।’

 

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে। বিশ্বকাপের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে আগামী ১৪ অক্টোবর। ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।