বিনোদন ডেস্ক
গোটা দেশ যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাতই বলিউডের উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তার দেহ উদ্ধার হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি। অভিনয়ের তাগিদ থেকেই শেষ মেশ মুম্বইয়ে চলে আসেন সুশান্ত। সেখানে ২০০৮ সালে প্রথম একতা কাপুরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যাঁ মেরা দিল’ সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। সিরিয়ালে অল্প দিনের মধ্যেই তার চরিত্রটির মৃত্যু হয়। তবে সেখান থেকেই একতা কাপুরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তার।
সেই সূত্রেই ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। সিরিয়ালে অভিনয় করতে করতেই ‘জরা নাচকে দিখা’ এবং ‘ঝালক দিখলা জা’-র মতো রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু এই সময়ই টিভি সিরিয়াল থেকে বলিউডের দিকে ঝুঁকতে শুরু করেন সুশান্ত। সেই মতো ‘পবিত্র রিস্তা’ ছেড়ে বিদেশে ফিল্মমেকিং কোর্স করতে চলে যান। সেখান থেকে ফিরে অভিষেক কাপুরের ‘কাই পো ছে’ ছবির জন্য অডিশন দেন। চেতন ভগতের ‘দ্য থ্রি মিসটেকস অব মাই লাইফ’ বইয়ের গল্প অবলম্বনে তৈরি ‘কাই পো ছে’-তে তার সঙ্গে অভিনয় করেন রাজকুমার রাও এবং অমিত সাধও। ছবিতে সুশান্তের অভিনয়ের প্রশংসা কুড়োয়। বাণিজ্যিক ভাবেও ছবিটি সফল হয়।
এর পর একে একে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘পিকে’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’-র মতো ছবিতে অভিনয় করেন সুশান্ত। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ তে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়োয়।










































