স্টাফ রিপোর্টার।।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বিপ্লব মেডিসিন কর্নারের মালিক এসএম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়েজিদ (২০)।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান, বুধবার রাতে শহরের বয়রা বাজার থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট বয়রার হাসানবাদ থেকে অপরজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
সোমবার সন্ধ্যায় ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ১৫ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক এবং নয়জন ওষুধ ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় মঙ্গলবার রাতে মেডিকেল কলেজের পক্ষ থেকে সোনাডাঙ্গা থানায় একটি মামলা করা হয়।
এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচারসহ তিন দাবিতে বুধবার হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তালা দিয়ে কলেজ গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে বুধবার রাত ৯টার দিকে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে মেডিকেল কলেজ হাসপাতালে যান খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি পুলিশকে ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।











































