ঝিনাইদহ প্রতিনিধি।।
একসময় মাটির হাঁড়ি, কলস, থালা, পিঠার ছাঁচ, ধুনচিসহ নানা সামগ্রীর কদর ছিল। সাংসারিক কাজে এসব ব্যবহার হতো। মাটির পাত্রে ভাত রান্না থেকে শুরু করে পানি পান ছিল নিত্যদিনের দৃশ্য। তবে প্রযুক্তির ছোঁয়ায় কাচ, সিরামিক, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকপণ্যের দৌরাত্ম্যে কমেছে মৃৎপণ্যের কদর। তবুও পৈতৃক পেশা ধরে রেখেছেন মৃৎশিল্পীরা। তাদের হাতের নিপুণ ছোঁয়ায় এখনও মাটি থেকে তৈরি হচ্ছে নান্দনিক সামগ্রী।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ পালপাড়ায় গেলে দেখা মেলে মৃৎশিল্পীদের কর্মযজ্ঞ। সকাল থেকে রাত পর্যন্ত চলে কাজ। এলাকার প্রায় ৩০টি পরিবারের প্রধান পেশা মাটির জিনিসপত্র তৈরি। তবে জেলায় ঠিক কতটি পরিবার এতে যুক্ত, তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
কারিগর ছবিতা পাল বলছিলেন, স্বামীর সঙ্গে কাজ করেন তিনি। সন্তানরাও সহযোগিতা করে। হাঁড়ি তৈরি করতে ২৫ টাকা, পানির কলস ৪০, থালা ৫০, পিঠার ছাঁচে ২০ টাকা খরচ হয়। পোড়ানোর সময় কমবেশি হলে নষ্ট হয়ে যায়। মৌসুমে প্রতিদিন একজনের আয় হয় গড়ে ৫০০ টাকা।
সংশ্লিষ্টরা জানান, ধানক্ষেত ও পুকুর খননের সময় সংগ্রহ করে রাখা হয় মাটি। আগে ৭০০ টাকায় প্রতি গাড়ি মাটি কেনা গেলেও এখন ১ হাজার ৭০০ টাকা হয়েছে। বিনামূল্যে কেউ দিতে চান না। কেনা মাটি দিয়ে বছরজুড়ে জিনিসপত্র তৈরি করা হয়। দুপুরে মাটি ভিজিয়ে রাখা হয়। পরদিন পানি দিয়ে মেশিনে কিংবা হাতে নরম কাদা তৈরি করেন। পরে ছাঁচে বসিয়ে তৈরি করা হয় জিনিসপত্র।
এগুলো রোদে শুকিয়ে বড় চুল্লিতে বসিয়ে পুড়িয়ে ব্যবহারের উপযোগী করা হয়। এসব সামগ্রী তৈরিতে এঁটেল মাটি বেশি উপযোগী। এটি দিয়ে পাত্রের আকৃতি তৈরি করে বেলে মাটি দিয়ে মেজে দিতে হয়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে খুচরা ও পাইকাররা এসে মাটির সামগ্রী কিনে নিয়ে যান।
একটি পরিবার বছরে ৬০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মৃৎপণ্য বিক্রি করে। অর্ধেক খরচ বাদ দিলে বাকিটা লাভ হয়। তবে রীতি অনুযায়ী বৈশাখ মাসে কাজ বন্ধ থাকে। আবহাওয়া খারাপ থাকলেও কাজ বন্ধ রাখতে হয়। বাজেবামনদহ পালপাড়ার শিল্পী লক্ষ্মণ পাল বলেন, অতিরিক্ত পণ্যমূল্যের বাজারে এ পেশায় সংসার চালানো ও সন্তানদের লেখাপড়া করানো খুবই কষ্টকর। তবুও পৈতৃকভাবে এ কাজ শেখায় ধরে রেখেছেন। এ কাজ করেই সংসার চলে।
মাটির তৈরি সামগ্রীর ব্যবসা সবসময় একরকম হয় না বলে জানান একই এলাকার পলাশ পাল। তাঁর ভাষ্য, আবহাওয়া ভালো না থাকলে বসে থাকতে হয়। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছেন। কোনো সংস্থা সহজ শর্তে ঋণ দিতে চায় না। এ অবস্থা থাকলে হয়তো ভবিষ্যতে সন্তানরা এ পেশায় থাকবে না। সরকার আর্থিকভাবে সহযোগিতা করলে বড় পরিসরে শিল্পটা ধরে রাখা যেত।
চুয়াডাঙ্গার জীবননগরের দিহাটি গ্রামের মহিউদ্দিন জানান, প্রায় ৩০ বছর ধরে মাটির জিনিসপত্র কিনছেন তিনি। মাটির ব্যাংক ১২ টাকা, মালশা ১১, মশার কয়েল জ্বালানোর পাত্র ২৮ টাকা দরে কেনেন। এগুলো ৮ থেকে ২০ টাকা লাভে আশপাশের কয়েকটি উপজেলায় বিক্রি করেন। চাহিদাও বেশ ভালো।
ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, কালের পরিক্রমায় মৃৎশিল্পের পরিসর সংকুচিত হয়েছে। বাঙালি সংস্কৃতির অংশ হওয়ায় এ শিল্পকে ধরে রাখতে যা যা প্রয়োজন, সব করা হবে। কেউ সহযোগিতা চাইলে করবেন। তাদের কোনো প্রস্তাবনা থাকলে এবং স্থানীয়ভাবে সমাধানযোগ্য না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।











































