স্টাফ রিপোর্টার।।
২০১১ সালে খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে ২০১৭ সালে আলোর মুখ দেখে প্রকল্পটি। এরপর ছয় বছর পার হলেও সম্পন্ন হয়নি পাঁচতলা ভবন নির্মাণের কাজ। প্রকল্পের মেয়াদ বেড়েছে। খরচও বেড়েছে ৩৭ কোটি টাকা। কিন্তু কাজ হয়েছে ৬০ শতাংশ। ধীরগতিতে কাজ চলায় মেয়াদের অবশিষ্ট ১১ মাসে বাকিটুকু সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্মাণ শেষ হলে এটিই হবে খুলনা বিভাগে শিশুদের জন্য আলাদা সরকারি কোনো হাসপাতাল।
প্রকল্পটির দীর্ঘসূত্রতার কারণে এলাকার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মত বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের। তাঁর ভাষ্য, শিশুদের চিকিৎসার জন্য খুলনা বিভাগে আলাদা সরকারি হাসপাতাল নেই। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এক যুগ পেরিয়ে গেলেও জমি নির্ধারণ ও অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ সম্পন্ন হয়নি হাসপাতালটির।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার এক জনসভায় শিশু হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরের বছর জমি খোঁজা শুরু হয়। জয় বাংলা মোড় এলাকায় জায়গা নির্ধারণ করে প্রকল্পের কার্যক্রম করে কর্তৃপক্ষ। মেয়াদ ধরা হয় ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত। হাসপাতালটিতে শয্যা থাকবে ১০০টি।
২০১৯ সালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ময়ূরী আবাসিক এলাকার বিপরীতে সিটি বাইপাস সড়কের পাশে জয় বাংলা মোড় এলাকায় জমি অধিগ্রহণ করা হয়। বটিয়াঘাটার কৃষ্ণনগর ও ডুমুরিয়ার চক মথুরাবাদ মৌজার ৪ দশমিক ৮০ একর জমির জন্য জেলা প্রশাসন ৫২ কোটি ২ লাখ টাকা পরিশোধ করে গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দেয়।
২০২০ সালে ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। ঠিকাদারের সঙ্গে চুক্তি হয় ২০২০ সালের ১৪ মে। প্রথম পর্যায়ে ২০২১ সালের ৩১ অক্টোবরের মধ্যে বেজমেন্ট ও একতলা ভবন নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। এতে ব্যয় ধরা হয় ২৬ কোটি টাকা। কিন্তু তিন বছরেও শেষ হয়নি। এ অংশের কাজ সম্পন্ন হয়েছে ৯২ শতাংশ।
দ্বিতীয় পর্যায়ে ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত সম্প্রসারণ করার কথা। আরও কিছু কাজ সংযোজন করা হয়েছে। সংশোধিত প্রস্তাবনায় ৩৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ৬৩ কোটি টাকা। চলতি বছরের জুনে সে মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এ অংশে কাজের অগ্রগতি ৭২ শতাংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
নগরীর মুন্সীপাড়া এলাকার চাকরিজীবী দেলোয়ার হোসেন বলেন, নগরীতে বেসরকারি পর্যায়ে শিশু হাসপাতাল থাকলেও সেখানে শয্যা সংকটে প্রায়ই রোগী ভর্তি করা যায় না। চিকিৎসার ব্যয়ও অনেক। দ্রুত সরকারি পর্যায়ে শিশু হাসপাতাল চালু হলে চিকিৎসাসেবার উন্নতি হতো।
সরেজমিনে দেখা গেছে, পাঁচতলা পর্যন্ত ভবনের মূল অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে প্লাস্টার, গ্রিল, জানালা-দরজার চৌকাঠ, গ্লাস, টাইলস, বাথরুমের ফিটিংস লাগানো হয়নি। বিদ্যুৎ সরবরাহের কোনো কাজও হয়নি। বাকি রয়েছে সাবস্টেশন, লিফট, মেডিকেল গ্যাস পাইপ লাইন, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ সড়ক, নালা, পানির পাম্প, গভীর নলকূপ ও রান্নাঘর নির্মাণকাজ। প্রকল্পের আনুষঙ্গিক কাজসহ সার্বিক অগ্রগতি ৬০ শতাংশ বলে দাবি গণপূর্ত বিভাগের।
এ বিষয়ে গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস বলেন, জমি অধিগ্রহণে দেরি হওয়ায় দরপত্র আহ্বান বিলম্বিত হয়েছে। কাজ শুরুর পর জমির প্রবেশপথ নিয়ে কেডিএর সঙ্গে জটিলতা দেখা দেওয়ায় কিছুদিন বন্ধ ছিল। তাদের থেকে সাময়িকভাবে প্রবেশপথ ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। এ জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদনও মিলেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান রৈতি এন্টারপ্রাইজের মালিক মো. জসিম উদ্দিন বলেন, হাসপাতালটি খুলনার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। এ পর্যন্ত যে কাজ হয়েছে, তার বিলের ২ কোটি টাকা পাওনা রয়েছে। দ্রুত বরাদ্দ পেলে কাজের গতি বাড়বে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মনজুরুল মুরশিদ বলেন, হাসপাতালটি নির্মিত হলে শিশুদের স্বাস্থ্যসেবার মান বাড়বে। নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে অন্য হাসপাতালেও চাপ কমবে।











































