Home আন্তর্জাতিক বিজেপিকে দিল্লি ছাড়ার ডাক মমতার

বিজেপিকে দিল্লি ছাড়ার ডাক মমতার

66

খুলনাঞ্চল ডেস্ক।।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দিল্লি ছাড়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজদের বিরুদ্ধে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়’ আন্দোলনের ডাক দেওয়ার শতবার্ষিকীতে এমন ডাক দিলেন তিনি। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে রাজ্যটির ঝাড়গ্রামে একটি অনুষ্ঠানে বুধবার বিজেপিকে ভারতের কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাতের এমন ঘোষণা দেন মমতা।

তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘বিজেপি সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আজ আমাদের একটাই প্রতিজ্ঞা, আমার একমাত্র উদ্দেশ্য বিজেপিকে উৎখাত করা। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের ভারত ছাড়া করেছিলেন। তখন আমরা আমাদের স্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আজ এমন একটা সরকার রয়েছে, যারা আমাদের বকেয়া রুপি বন্ধ করে দিয়েছে। ইংরেজদের আমরা বলছিলাম ভারত ছাড়, আর এখন বিজেপিকে আমরা বলছি তোমরা দিল্লির গদি ছাড়। তোমাদের দিল্লির মসনদে থাকার কোনো অধিকার নেই। আজ দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে, এনকাউন্টারে মানুষ মারছে, মণিপুর জ্বলছে। আজ চার মাস হয়ে গেল কেন্দ্রের কোনো হেলদোল নেই। ওরা ভাবছে জাতি দাঙ্গা বাধিয়ে দেশকে টুকরো টুকরো করে দেবে।’

মণিপুরের ইস্যুতে মমতা বলেন, ‘মণিপুরকে শান্ত করতে হবে। ভারত সরকারকে বলব, আমাদের তাড়ানোর দরকার নেই। আমরা এদেশের লোক। আমাকে যদি বলেন, মমতা ভারত ছাড়, আমি কিন্তু ভারত ছেড়ে যাব না। কারণ আমি এ দেশের মাটিতে জন্মেছি। আর তুমি (বিজেপি) দেশের মানুষকে ভালোবাসো না। তাই তোমাকে ভারতেই ফিরে আসতে হবে। কুইট ইন্ডিয়া, ওটা কোনো নাম নয়, ওটা একটা আন্দোলন, ইতিহাসের নাম।’

অনুষ্ঠানে মমতা অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) নিয়েও মুখ খোলেন। অভিন্ন দেওয়ানি বিধি মানে ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য এক আইন। এই নিয়ম কার্যকর হলে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সন্তান, দত্তক ও সম্পত্তি ভাগের মতো বিষয়গুলো দেশের সব নাগরিকের জন্য অভিন্ন নিয়ম থাকবে। অর্থাৎ এক দেশ, এক আইন।

মমতা বলেন, ‘ওরা এখন হঠাৎ করে বলছে ইউনিফর্ম সিভিল কোড কর। অর্থাৎ ওদের নিয়মে বিয়ে করতে হবে। কেন করবে? আদিবাসীদের যেরকম বিয়ের পদ্ধতি আলাদা, তেমনি মুসলিম, হিন্দু, জৈন, পাঞ্জাবি- প্রত্যেকের আলাদা আলাদা বিয়ের পদ্ধতি আছে। হিন্দুদের মধ্যেও যারা সাবকাস্ট আছে, তাদের বিয়ের ধরন আলাদা। এটা বুঝতে হবে। গায়ের উপর চাপিয়ে দিলেই হবে না। তাই আমি আজ বলে যাচ্ছি ইউনিফর্ম সিভিল কোড মানিনা, মানবো না। যা চলছে তাই চলবে। অর্থাৎ যে যার স্বাধীন মতো পোশাক পড়বে, খাওয়া-দাওয়া করবে, পড়াশোনা করবে, চলাফেরা করবে, তার ধর্মকে প্রতিপালন করবে।’