ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ।।
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুষ্টিয়ার ভেড়ামারা। সড়কে টায়ার জ্বালিয়ে, দোকানপাট ভাংচুর, মারধর করে শহরে ত্রাসের সৃষ্টি করে। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় খুনের বিচারের দাবিতে বিক্ষুব্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে এমন অবস্থার সৃষ্টি করে। পরিস্থিতি মোকাবিলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সঞ্জয়। এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ভেড়ামারা শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা বিক্ষোভ প্রদর্শন করে ভেড়ামারার অলিগলিসহ সব দোকানপাট বন্ধ করে দেন। মোড়ে মোড়ে টায়ার জ্বালান তারা। ভয়ার্ত এক পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় সড়কে যাকে পাওয়া গেছে তাকেই মারপিট করেছে তারা। দূরপাল্লার গাড়িসহ ছোট বড় সব যানবাহনই আটকে দেওয়া হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সকালেই শোভনের কাচারাপাড়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে, পরে শোভনের সেকেন্ড ইন কমান্ড ইয়ামিনের (এই মামলায় আটককৃত) দোকান, বাড়ি ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করে।
শোভনের নিকটাত্মীয় রবি মেকারের শহরের বাড়িতেও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর অফিস, দোকান ভাঙচুর করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় ধাওয়া পালটা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে।
স্থানীয় একটি মন্দিরের কমিটিকে কেন্দ্র করে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের সঙ্গে বিরোধ চলে আসছিল জাসদ যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের সঙ্গে।
গত ২ আগস্ট রাতে জাসদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের গোডাউন মোড় এলাকায় সঞ্জয়ের ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপানোর পাশাপাশি পায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। এ সময় আরও ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল ও শ্যামল আহত হন। এ ঘটনায় রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে শোভনকে আটক করে পুলিশ।
এ ঘটনার পর বেলা ১১টার দিকে ভেড়ামারা শহরের ডাকবাংলোয় জড়ো হতে শুরু করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ করে শহরের দোকানপাট বন্ধ করে দেন নেতাকর্মীরা।
ঘটনার পর শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সঞ্জয়কে ঢাকায় নিয়ে যায় তার পরিবার। ওই দিনই তার স্ত্রী বিথী রানী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও ১০-১২ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন।
ভেড়ামারা থানার ওসি জহিরুল ইসলাম জানিয়েছেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা যাওয়ায় পরিস্থিতি হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। আসামিদের আটক করতে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।











































