স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নানা কারণে আলোচনায় আসা ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে বিদায়ের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
ক্রিকেটের তিন সংস্করণে ১৫৬ ম্যাচ খেলেছেন হেলস। সবমিলিয়ে করেছেন ৫ হাজার ৬৬ রান, ঝুলিতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সর্বশেষ গত বছরে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচেও ছিলেন তিনি। ৭০টি ওয়ানডে খেলে ২ হাজার ৪১৯ রান করেছেন হেলস। ১১ টেস্টে আছে ৫৭৩ রান।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্লাব নটিংহ্যামশায়ারের হয়ে খেলে যাবেন হেলস। ইংল্যান্ড দলে খেলতে পারাকে তিনি উল্লেখ করেছেন ‘দারুণ সুযোগ’ হিসেবে।
ইনস্টাগ্রামে হেলস লিখেছেন, ‘আজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি এবং বন্ধু পেয়েছি এবং আমর এখন মনে হচ্ছে বিদায় নেওয়ার সময় এসেছে।’
তবে ইংল্যান্ড দলে তার যাত্রা মসৃণ ছিল না। নানা উত্থান-পতনের মধ্য দিয়েই যেতে হয়েছে তাকে। ২০১৭ সালে ব্রিস্টলের একটি পানশালায় হাতাহাতিতে জড়ান হেলস। এ সময় তার সঙ্গে ছিলেন বর্তমানের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এ ঘটনায় হেলসকে অভিযুক্ত করে ইংলিশ বোর্ড। পরে করা হয় বরখাস্ত। ২ বছর পরে মাদক নেওয়ার কারণে ২১ দিনের নিষেধাজ্ঞা পান হেলস। জায়গা পাননি ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ দলেও। ৩ বছরের নির্বাসন শেষে ২০২২ সালের সেপ্টেম্বরে জনি বেয়ারস্টোর ইনজুরিতে কপাল খোলে হেলসের। জায়গা পান টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ক্যারিয়ার নিয়ে হেলস বলেন, ‘ইংল্যান্ডের জার্সিতে আমি চূঁড়াও দেখেছি আবার একেবারে মাটিতেও পড়েছি। অসাধারণ একটি যাত্রা ছিল এটি। আমি খুবই সন্তুষ্ট যে আমার শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপ ফাইনাল জয়ের ম্যাচ।’











































