Home খেলাধুলা সেই কিশোরী ফুটবলারদের শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

সেই কিশোরী ফুটবলারদের শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

75

 

স্টাফ রিপোর্টার।।

হাফপ্যান্ট ও জার্সি পরে ফুটবল খেলার কারণে মারধরের শিকার খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের সেই কিশোরী ফুটবলারদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ফল দেয়া হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বেলা তিনটায় খুলনা-২ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েল তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ‘তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমী’র ফুটবলারদের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেন।

 

এ সময় হামলায় আহত হওয়া সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী, হাজেরা খাতুন ও জুঁই মন্ডল সংসদ সদস্যের কাছে গত ২৭ ও ২৯ জুলাই হামলা ও মারধরের ঘটনার বর্ণনা দেন। এছাড়া মামলা তুলে না নিলে এসিড নিক্ষেপের হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল ঘটনা শোনার পর তাদেরকে স্বান্তনা দেন এবং সঙ্গে থাকা পুলিশ সুপারকে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া তাদেরকে আইনগত সহায়তারও আশ্বাস দেন।

এ সময় খুলনার পুলিশ সুপার মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ উপস্থিত ছিলেন।

এছাড়া ‘তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমী’র সভাপতি ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা, কিশোরী ফুটবলার, তাদের অভিভাবক এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।