Home আঞ্চলিক যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

78

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের বাগুটিয়া গ্রামে যৌতুক না পেয়ে গৃহবধূ সাথী খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। সাথী খাতুন ওই গ্রামের ইমন বিশ্বাসের স্ত্রী। তিনি কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের সাহেব আলীর মেয়ে।

গত মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন সাথী খাতুন। আদালত অভিযোগ আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। বিবাদীরা হলেন– সাথী খাতুনের স্বামী ইমন বিশ্বাস, শ্বশুর জাহিদুল ইসলাম, শাশুড়ি জিলপী বেগম এবং প্রতিবেশী আব্দুর রাজ্জাক।

অভিযোগ থেকে জানা যায়, পাঁচ বছর আগে ইমন বিশ্বাসের সঙ্গে সাথীর বিয়ে হয়। এক বছর পর তাদের বিচ্ছেদও হয়। তবে মোবাইল ফোনে তাদের যোগাযোগ ছিল। বিচ্ছেদের পর ইমন আরেকটা বিয়ে করেছিলেন। বিষয়টি গোপন রেখে নোটারি পাবলিকের মাধ্যমে ২০২০ সালের জুলাই মাসে ফের বিয়ে করেন তারা। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাঁর কাছে ১ লাখ টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে প্রায়ই নির্যাতন করা হতো। গত ২৭ জুলাই রাতে বাঁশের লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটালে অচেতন হয়ে পড়েন। সকালে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আড়মুখী গ্রামে ফুপু আনোয়ারা বেগমের বাড়িতে চলে আসেন। এরপর তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কথা হলে ইমন বিশ্বাস বলেন, ‘আমরা তার কাছে যৌতুক চাইনি। ওই রাতে সাথী ছেলেকে খেতে দেয়নি। আমার মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। এসব নিয়ে কথাকাটাকাটি হয়। তখন সে আমার গলা টিপে ধরে। ছেলেকেও মারধর করে। তাই রাগ করে তাকে মেরেছি।’

সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, সাথীর ডান চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধেছে। দুই হাত ও মাথায়ও আঘাত রয়েছে। সিটি স্ক্যানে ব্রেনে রক্ত জমাট ধরা পড়লে তাঁর জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করা হবে।