ঢাকা অফিস।।
বর্তমান সরকার এখন ‘ডাইনি শিকার’ নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মধ্যযুগে ইউরোপে যেমন নারীদের ডাইনি হিসেবে অভিহিত করে হত্যা এবং জুলুম-নির্যাতন করা হতো, বাংলাদেশেও ঠিক তেমনি বিরোধীদের নানা কায়দায় নারকীয় নির্যাতন চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা আরও বলেন, এই সরকারের দুঃশাসনের আঘাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক রাষ্ট্রের সকল বৈশিষ্ট্য মুছে যেতে বসেছে। এটা নিশ্চিত করতেই আবারও বিরোধী নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেপ্তার ও কারান্তরীণ করা হচ্ছে।
রিজভী বলেন, যতই একদফার আন্দোলন দ্রুতগতিতে এগিয়ে হচ্ছে, ততই সরকারের আগ্নেয়গিরির অগ্ন্যুদ্গমের ন্যায় ক্রোধাগ্নি জ্বলে উঠছে। তারা বাংলাদেশকে বিরোধীদলশূন্য প্রান্তরে পরিণত করতে চায়।
তিনি বলেন, বর্তমান সরকারের গদি এখন নড়বড়ে অবস্থায়। তাই গুম, গ্রেপ্তার ও কারাগারে আটকে রাখার অমানবিক আচরণে তারা লিপ্ত। বিএনপির কর্মসূচিতে বিপুল লোক সমাগম দেখে তারা গভীর চক্রান্তে মেতে উঠেছে।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর পাতা ফাঁদে কেউ পা দিবে না। তারা ক্ষমতায় থাকলে জাতির দুর্দিন কখনই শেষ হবে না। গ্রেপ্তার, হিংসা ও হানাহানি দিয়ে সরকার নিজেদের অনাচারগুলো ঢাকতে চায়।
এ সময় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ সাতজন নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।











































