Home খেলাধুলা ডুরাণ্ড কাপে ৫ গোলে হারল বাংলাদেশ

ডুরাণ্ড কাপে ৫ গোলে হারল বাংলাদেশ

72

খেলা ডেস্ক।।

সবার ওপরে নিয়ম সত্য। তাহার ওপরে নাই। বাংলা প্রবাদের বাস্তবায়ন যদি দেখতে চান তাহলে ডুরাণ্ড কাপে আসুন। সেনাবাহিনীর ঘেরাটোপ এতটাই নিয়মানুবর্তীতায় ঘেরা যে ফুটবল ম্যাচের রোমাঞ্চ সেখানে হাসফাস করে।

মুখ্যমন্ত্রী হাতে উদ্বোধনের ছবি কিংবা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন, সবেতেই ডুরাণ্ড কাপের আয়োজকরা মান্ধাতার আমলে পড়ে। বিলম্বিত লয়ে ছবি পাঠানো, ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন আয়োজন করতে না পারার কারণ “সবার ওপরে নিয়ম সত্য/তাহার ওপরে নাই,” মানসিকতা।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মৌসুমের প্রথম টুর্নামেন্ট ডুরাণ্ড। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৫-০ গোলে প্রতিপক্ষ বাংলাদেশ আর্মিকে উড়িয়ে দিল। সমর্থকরা প্রিয় দলের জয়ের আনন্দে কোথায় গা ভাসাবেন, তার বদলে সেখানে তাদের বহু দূরে আটকে রাখা হল।

যুব এবং সিনিয়র দল মিশিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ। ডাগ আউটে কোচের চেয়ারে বাস্তব রায়। সিনিয়র দলের তিন ফুটবলার লিস্টন কোলাসো, মনবীর সিং এবং কিয়ান নাসিরি একাদশে ছিলেন। বাকি আট ফুটবলার যুব দলের। লিগের পরে ডুরাণ্ড কাপের মঞ্চেও সবুজ মেরুনের যুব দলের ফুটবলাররা উজ্বল। বিশেষ করে সুহেল বাটের কথা বলতেই হবে। বিরতির আগে দলের তিন নম্বর গোল এল কাশ্মীরি স্ট্রাইকারের। লিস্টন কোলাসোর বাড়ানো বল যেভাবে গোলরক্ষক ধরার আগেই টোকা দিয়ে জালে পাঠালেন তা প্রশংশনীয়। শুধু গোল করাই নয় চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত মোহনবাগান আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সুহেল বাট।

১৪ মিনিটে প্রথম গোল মোহনবাগানের। রবি বাহাদুরের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল লিস্ন কোলাসোর। গত মৌসুমে ছন্দে না থাকা সবুজ মেরুন উইঙ্গার চলতি মৌসুমের প্রথম ম্যাচে ছন্দে ফেরানোর ইঙ্গিত দিলেন। ২৬ মিনিটে দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। গোলদাতা মনবীর সিং।

বিরতির আগে তিন গোল হয়ে যাওয়ার পরে ম্যাচের দফারফা শেষ হয়ে যায়। বৃহস্পতিবার তার অন্যথা হয়নি। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের চার নম্বর গোল হামতের। লিস্টন কোলাসোর পাস পায়ের টোকায় মনবীর বাড়িয়ে দিলে গোল করেন হামতে। পাঁচ নম্বর গোল পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরির।

বাংলাদেশ আর্মি দলটি নামেই তালপুকুর। প্রথম ম্যাচে যে পারফরম্যান্স মেলে ধরলেন তা পদ্মাপাড়ের ক্ষয়িষ্ণু ফুটবল ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। পুরো ম্যাচে একবারও মনে হয়নি তারা মোহনবাগান রক্ষণকে অস্বস্তিতে ফেলতে পারেন।

ম্যাচ শেষে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে জয়ের কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন কোচ বাস্তব রায়। মাঠ এবং আর্দ্রতাজনিত গরমের কারণে ফুটবলারদের পেশিতে চোট লেগেছে। বাস্তব বলছেন ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে বলে এই চোট। তবে চিন্তার কিছু নেই সকলেই সুস্থ। আপাতত ডুরাণ্ড নয় পাঁচ তারিখে কলকাতা লিগের ইউনাইটেড ম্যাচ নিয়ে চিন্তা করছেন।