Home খেলাধুলা ভারতীয় তারকার ফুচকা বিক্রির খবর ভুয়া, দাবি কোচের

ভারতীয় তারকার ফুচকা বিক্রির খবর ভুয়া, দাবি কোচের

108

স্পোর্টস ডেস্ক।।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ইতিহাস গড়েছেন যশস্বী জয়সওয়াল। ৫০১ মিনিট ক্রিজে থেকে ১৭১ রানের ম্যারাথন এক ইনিংস খেলেন এই ওপেনার। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। অভিষেকে সেঞ্চুরি করা ১৭তম ভারতীয় ও তৃতীয় ভারতীয় ওপেনার তিনি। এর আগে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলেই ভারতীয় জাতীয় দলে সুযোগ পান যশস্বী জয়সওয়াল।

তবে জয়সওয়ালের ছোটবেলার পরিশ্রম এবং লড়াই সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসে। বেশ কয়েকটি মিডিয়ায় প্রচার করে, ফুচকা বিক্রেতা থেকে ক্রিকেটার হয়েছেন তিনি। কিন্তু পরিশ্রম করলেও তার ফুচকা বিক্রির বিষয়টি যে ভুল, তা এত দিন পরে জানা গেল। এক সাক্ষাৎকারে তার কোচ জ্বালা সিং জানিয়েছেন, তার ছাত্রের নামে ভুল খবর ছাপানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এ নিয়ে জ্বালা বলেন, ‘২০১৩ সালে যশস্বীর সঙ্গে আমার আলাপ হয়। তখন ও আজাদ ময়দানের তাঁবুতে থাকত। আর্থিক সামর্থ্য খুব বেশি ছিল না। ওর বাবা পরিশ্রম করে কোনো রকমে পরিবারকে টানত। আজাদ ময়দানে অনেক ফুচকা বিক্রেতা বসত। যশস্বী ওদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। গল্পগুজব করত। কখনো সখনো ওদের হয়ে ফুচকা বিক্রি করে ২০-২৫ টাকা রোজগারও করত। কিন্তু নিজে কখনও ফুচকা বিক্রি করেনি।’

 

এই কোচের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে ফুচকা বিক্রেতা এক ব্যক্তি নিজেকে যশস্বীর বাবা বলে দাবি করেন। ২০১৮ সালে যশস্বী প্রথমবার অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হওয়ার পর একটি টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নেন। সেখানে ফুচকা বিক্রির ওই ভিডিওটি চায় তারা। জ্বালা আপত্তি করলেও শোনা হয়নি। সেই ভিডিও ওই খবরের চ্যানেলে চালানো হয়। তখন থেকেই সবাই জেনে যান, যশস্বী ছোটবেলার ফুচকা বিক্রি করতেন।

তিনি আরও বলেন, ‘যশস্বীর বাবা কাজের সূত্রে মাত্র কয়েকবার মুম্বাই এসেছেন। পুরো সময়েই আমার পরিবারের সঙ্গে ছিল। কখনো ওকে ছাত্র হিসাবে মানিনি। নিজের সন্তানের মতো রেখেছি এবং চেষ্ট করেছি সব সুযোগসুবিধা দিতে। তাই ফুচকা বিক্রি করার এই ভুল খবরগুলো দেখলে খুব হতাশ হই। পুরো ব্যাপারটা আংশিক ভাবে সত্য। কিন্তু সেটাকেই যখন রং চড়িয়ে দেখানো হয়, তখন ব্যথা লাগে।’