স্পোর্টস ডেস্ক।।
এবারই প্রথম নারী ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে মরক্কো। প্রথমবারই একের পর এক ইতিহাস তৈরি করছে দলটি। প্রথম ম্যাচে প্রথমবারের মতো মাথায় হিজাব পরে বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়েছিলেন দেশটির ডিফেন্ডার নোহাইলা বেনজিনা। এবার ইতিহাস গড়ল নকআউট পর্বে পৌঁছে। মরক্কোর এমন দাপটের দিনে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির নারীরা।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপ যেন গত বছরে কাতারে অনুষ্ঠিত পুরুষ বিশ্বকাপেরই চিত্রনাট্য। প্রথম আফ্রিকান দল হিসেবে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কোর ছেলেরা। এবার দেশটির নারী ফুটবলও দেখাচ্ছে চমক।
অন্যদিকে, জার্মানির পুরুষদের ফুটবলে ব্যর্থতার ধারা ধরে রাখল নারীরাও। ২০১৮ সালের পর ২০২২ বিশ্বকাপেও গ্রুপপর্ব থেকে বাদ পড়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এবার নারী ফুটবলেও বরণ করল একই ভাগ্য।
অস্ট্রেলিয়ায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে দিয়েছে মরক্কো। প্রথমার্ধের একবারে শেষ সময়ে গোল পায় দলটি। ডিবক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় মরক্কো। তবে স্পট কিক মিস করেন অধিনায়ক ঘিজলানি শেবাক। তবে রিবাউন্ডে বল পেয়ে গোল করতে ভুল করেননি লাহমারি। শেষ পর্যন্ত ওই গোলই গড়ে দেয় ব্যবধান।
মরক্কোর জয়ের কারণেই বিদায় নিশ্চিত হয়েছে জার্মানির। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের দরকার ছিল ড্র। তবে মরক্কোর জয়ে উলটপালট হলো সবকিছু। এই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে গেছে মরক্কো। সমান পয়েন্ট কলম্বিয়ারও। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে গেছে দলটি। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিল জার্মানি।











































