বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষের সই জাল করে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের ঘটনায় হিসাব সহকারী অসিত কুমার দেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার অধ্যক্ষ জিয়াউল ইসলামের সই করা চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
কলজটিতে অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হিসাব সহকারী ছিলেন অসিত কুমার দে। গত ১১ জুন ব্যাংক থেকে অধ্যক্ষের সই জাল করে ২৪ হাজার ১৯২ টাকা তুলে নেন তিনি। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় গত ১৪ জুন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কলেজ প্রশাসন।
তদন্ত প্রতিবেদনমতে, গত ৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত জালিয়াতির মাধ্যমে অসিত কুমার দে কমপক্ষে ৮০ হাজার টাকা তছরুপ করেছেন। এ ব্যাপারে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় অসিতের কার্যকলাপ সন্তোষজনক নয় এবং কলেজের আর্থিক সুরক্ষা হুমকির মুখে বলে উল্লেখ করা হয়। আগামী এক মাসের মধ্যে আত্মসাৎ করা টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা চিঠিতে বলা হয়েছে।
এ বিষয়ে অসিত কুমার দে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা না জানলে আমার মতো অধীনস্থের দ্বারা এগুলো কিছুতেই করা সম্ভব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে যেভাবে কাজগুলো করতে বলছেন, আমি সেভাবেই করছি। কিন্তু পরবর্তী সময়ে তারা দায় সারার জন্য এবং কিছু কিছু বিষয়ে যেন কোনো প্রমাণ না থাকে সেজন্য আমাকে বিপদে ফেলেছে।











































