সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমানসহ ৩২জন জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীকে আটক করেছে কলারোয়া ও সাতক্ষীরা থানা পুলিশ।
সোমবার ৩১/০৭/২০২৩ তারিখ দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করার পর মঙ্গলবার দুপুরে আটক নেতা-কর্মীদের আদালতে পাঠায় পুলিশ।
আটককৃতদের মধ্যে আছেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নানসহ মোট ৩২ জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, সোমবার ভোর সাড়ে ৬টায় আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপন সূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান কলারোয়া থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নাশকতা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয় এবং আমাদের এই অভিযান চলমান থাকবে।











































