আন্তর্জাতিক ডেস্ক।।
ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভেনিসকে যুক্ত করা উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। এক প্রতিবেদনে তারা জানায়, পানিতে ভেসে থাকা এই পর্যটনপ্রিয় শহরটি `অপূরণীয় ক্ষতির‘ মুখে।
প্রতিবেদনে বলা হয়, পর্যটকদের চাপ ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অতি উন্নয়নের কারণে আজ ভেনিস হুমকির মুখে।
ইউনেস্কো আরও বলেছে যে ইতালি সংশোধনমূলক ব্যবস্থার যেসব প্রস্তাব দিয়েছে “বর্তমানে তা অপর্যাপ্ত এবং যথেষ্ট বিস্তারিত নয়।”
সংস্থাটি বলছে, ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম তারা ঝুঁকিতে থাকার তালিকায় ভেনিসকে যুক্ত করার প্রস্তাব দেয়। কিন্তু এরপরও ইতালির পক্ষ থেকে টেকসই কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এই বছর ঝুঁকিতে থাকা তালিকায় রাখার জন্য সুপারিশকৃত অন্যান্য শহরগুলো হলো ইউক্রেনের কিয়েভ এবং লভিভ।
ভেনিস পৌরসভার একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির কেন্দ্র কর্তৃক প্রস্তাবিত সিদ্ধান্তটি তারা গুরুত্ব সহকারে নিচ্ছে এবং বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।’
বিশ্বজুড়ে পর্যটকদের জন্য ভেনিস অত্যন্ত জনপ্রিয় এক স্থান। প্রতিবছরই লাখ লাখ পর্যটকদের সামাল দিতে হিমশিম খায় এই স্থানটি।
২০১৯ সালে কার্নিভালের এক দিনে, প্রায় ১ লাখ ৯৩ হাজার পর্যটক এই ঐতিহাসিক কেন্দ্রে প্রবেশ করেছিল।
দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে ডে-ট্রিপারদের জন্য একটি ফি চালু করার প্রস্তুতি নিচ্ছে ভেনিস। তবে একাধিক পক্ষের আপত্তির কারণে তা এখনও বাস্তবায়িত হয়নি।











































