ঢাকা অফিস।।
মাঠ নির্ধারণ না হলেও ঢাকার মহাসমাবেশ ঘিরে হটলাইন চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) একদফার দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি।
এই মহাসমাবেশে আসতে কোনো বাধা পেলে যোগাযোগ করতে তিনটা নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলে তিনটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আকাশ ০১৮৪৩-০৪৭৬৮৮, মাইকেল ০১৮৪০-৭০০৭৯০ এবং মুসলিম ০১৮৩৩-৯৮০৪৬৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
একদফার দাবিতে ঘোষিত মহাসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল বিএনপি। সেখানে অনুমতি দেয়নি পুলিশ। তাই বিএনপি কোথায় সম্মেলন করতে তা এখনও নিশ্চিত করেনি।
সরকারি দল-বিরোধী দলের কর্মসূচি: সমাবেশ শান্তিপূর্ণ হোক
অতীতের সরকারগুলো আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট নিরসনের উদ্যোগ নিয়েছে। সব দলের সাথে গোপনে বা প্রকাশ্যে আলোচনা করে উত্তরণের পথ খুঁজেছে। বর্তমান সরকার এ ক্ষেত্রে ব্যতিক্রম। দেশে কোনো সঙ্কট আছে এটিই স্বীকার করে না। বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতায় থেকে, সংসদ বহাল রেখে, নিজেদের সাজানো নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ দিয়ে নির্বাচন করতে চান। যাতে তাদের ক্ষমতা হারানোর কোনোরকম ঝুঁকি না থাকে। এ জন্য তারা শুধু যে সংবিধানের দোহাই দিচ্ছেন তা-ই নয়, রাজপথে শক্তি প্রদর্শনের পথও বেছে নিয়েছেন।
সে জন্য তারা যাবতীয় প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে এমন একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি করছে সরকার। বিরোধী দলগুলোর আন্দোলন-সংগ্রাম রাজনৈতিকভাবে মোকাবেলা না করে এখন দেশকে সঙ্ঘাতের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছেন বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
গত দেড় দশকে ক্ষমতাসীন দলটি বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। পুলিশ বা পেটোয়াবাহিনী দিয়ে হামলা করেছে অথবা নিজেরা পাল্টা কর্মসূচি দিয়ে সঙ্ঘাত-সহিংসতার উসকানি সৃষ্টি করেছে। তবে এ পুরো সময় ধরে বিরোধী দল চরম সংযমের পরিচয় দিয়েছে বলে সারা দেশে সঙ্ঘাত ছড়িয়ে পড়েনি।
এখন জাতি এমন এক সময়ের সন্ধিতে এসে দাঁড়িয়েছে যখন জাতীয় নির্বাচন আসন্ন। নির্বাচন কীভাবে হবে তার ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা ছাড়া বিরোধী দলের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। কারণ, বর্তমান শাসকদল ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন অনিশ্চিত বলে মনে করার যথেষ্ট কারণ বিদ্যমান রয়েছে। তাই বিরোধী দলকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হচ্ছে। বিপরীতে সরকারি দলের আচরণ ও বক্তব্যে স্পষ্ট, তারা গায়ের জোরে মাঠ দখলে রাখতে চায়।
আজ ঢাকায় সব বিরোধী দল মহাসামাবেশের ডাক দিয়েছে। এ কর্মসূচিও পাল্টা কর্মসূচি নিয়েছে সরকারি দল। তারা তাদের সহযোগী সংগঠন যুবলীগের পূর্বঘোষিত ২৪ জুলাইয়ের কর্মসূচি পিছিয়ে এনে আজ সমাবেশের ঘোষণা দিয়েছে। শুধু তা-ই নয়, বিএনপি যেখানে মহাসমাবেশ করতে চায় সেই একই জায়গায় সমাবেশ করতে চেয়েছিলেন তারা। এটিকে পায়ে পাড়া দিয়ে সঙ্ঘাত সৃষ্টির চেষ্টা ছাড়া কী বলা যায়? বিরোধী নেতারাও সেই আশঙ্কার কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেছেন, সরকার সঙ্ঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। কোনো ধরনের সঙ্ঘাত হলে দায় সরকারকে নিতে হবে।
কিন্তু বর্তমান ক্ষমতাসীনরা কোনো দায় বা দায়িত্ব কোনোটিই নিতে অভ্যস্ত নন। অতীতে এমন বহু দৃষ্টান্ত দেখা গেছে। ২৮ অক্টোবর রাজপথে লগি-বৈঠার তাণ্ডব জাতি ভুলেনি। চলমান গণতান্ত্রিক আন্দোলনেও একই রকম মরণ কামড় দেয়ার শঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু বিরোধী দলকে ধৈর্য, সহিষ্ণুতা, সাহস ও কৌশলের সাথে দাবি আদায়ের পথে এগোতে হবে। এর বিকল্প নেই।
সরকারি দল নিজের স্বার্থে সঙ্ঘাত এড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। কারণ, সারা বিশ^ তাদের কর্মকাণ্ডের ওপর সতর্ক নজর রাখছে।











































