ঝালকাঠি প্রতিনিধি।।
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের পাশে ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। আহত ৩৫ জনের মধ্যে ৩১ জনকে ঝালকাঠি সদর হাসপাতাল ও ৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত ১৭ জনের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ভাণ্ডারিয়ার পান্না মিয়ার পুত্র তারেক রহমান (৪৫), ভাণ্ডারিয়ার সালাম মোল্লা (৬০), তার পুত্র শাহীন মোল্লা (২৫), রাজাপুরের নিজামীয়া গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (৪৩), তার কন্যা খুসবু আক্তার (১৭), ভাণ্ডারিয়ার পশুরীবুনিয়া গ্রামের জালাল হাং-এর কন্যা সুমাইয়া (৬), বাকেরগঞ্জের চর বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আব্দুল্লাহ (৮), ভাণ্ডারিয়া পুকুরপাড় এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম (৬০), তার ছেলে আবুল কালাম, রিপা মনি (২), পিতা: রিপন, মেহেন্দীগঞ্জের রিপনের স্ত্রী আইরিন আক্তার (২২), নয়ন (১৬), পিতা: নুরুল ইসলাম, দঃ রাজাপুর, রাবেয়া বেগম (৮০), স্বামীঃ ফজলুল হক মিয়া, উত্তর শিয়ালকাঠি, সালমা আক্তার মিতা (৪২), স্বামী জিয়াউর রহমান, বাঁশবুনিয়া, কাঠালিয়া।
আহত যাত্রীরা জানায়, সকাল সাড়ে ৯টায় ভাণ্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী এম ডি বাসার স্মৃতি গাড়িটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে আসার সময় গাড়িচালক সুপারভাইজারের সঙ্গে কথা বলছিল। এ সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। বড় আকারের পুকুরে অনেক পানি থাকায় পুরো বাসটি পানির নিচে তলিয়ে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও ১৭ জন যাত্রী বাসের মধ্যে আটকে পড়ে পানিতে ডুবে মারা যায়।
জেলা প্রশাসক ফারহা গুল্ নিঝুম জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েক কি.মি. জুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে নিহতদের দাফনের জন্য পুলিশের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা দেয়া হয় বলে ওসি নাসির উদ্দিন জানান। এ ব্যাপারে সিনিয়র এএসপি সার্কেল (রাজাপুর) মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়ে হাসপাতালে রয়েছেন।











































