নিজস্ব প্রতিনিধি।।
একটি বড়সড় কালোমুখো অসুস্থ হনুমান হঠাৎ হাজির হয় থানায়। ভবনের মূলফটক দিয়ে ঢুকে ডিউটি অফিসারের কক্ষে প্রবেশ করে ডিউটি অফিসারের টেবিলে উঠে পড়ে হনুমানটি। এমন ঘটনা দেখে উপস্থিত সকলের চোখ চড়কগাছ! বৃহস্পতিবার (২০ জুলাই) মাগুরার শ্রীপুর থানায় এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ সময় হনুমানটি উপস্থিত সকলকে বারবার তার পায়ের ক্ষত স্থান দেখাতে থাকে। পরে ইউএনও এর নির্দেশে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অসুস্থ হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করেন।
আকস্মিক হনুমানের এমন আচারণে হতবাগ হন উপস্থিত সকলে। পায়ে আঘাতের চিহ্ন দেখে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ কাঞ্চন কুমার রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, একটি হনুমান আকস্মিক ডিউটি অফিসারের রুমে ঢুকে তার টেবিলের উপরে বসে পায়ের ক্ষত চিহ্ন দেখাতে থাকে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রাণীসম্পদ কর্মকর্তার মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার পায়ে বড় একটি ক্ষত চিহ্ন ছিলো। ডাক্তারের চিকিৎসা পেয়ে হনুমানটি থানা হতে বের হয়ে যায়।
শ্রীপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ হুসাইন রাসেল জানান, শ্রীপুর থানাতে একটি অসুস্থ হনুমান এসেছে এমন ঘটনা জানতে পেরে অল্প সময়ের মধ্যেই মেডিকেল টিম নিয়ে থানায় উপস্থিত হই। এ সময় দেখতে পাই হনুমানটি বারবার তার পায়ের ক্ষতস্থানটি দেখাচ্ছে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। হনুমানের পায়ে আঘাতের চিহ্ন দেখে মনে হলো সে কোনো গাছে উঠতে গিয়ে অথবা কারো দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।











































