স্পোর্টস ডেস্ক।।
আগামী ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লড়বে। তবে আইসিসি বিশ্বকাপের সূচি ঘোষণা করার পর থেকেই উত্তেজনা তুঙ্গে। এই হাইভোল্টেজ ম্যাচ টিভি বা মোবাইলের স্ক্রিনে দেখতে ইচ্ছুক নন অনেক ভক্তরা। একেবারে গ্যালারিতে বসেই রোহিত-বাবরদের খেলা দেখতে চান তারা। খবর জি নিউজের।
এই স্টেডিয়ামের আশেপাশে একাধিক হোটেল রয়েছে। তবে সেখানে ইতোমধ্যেই হোটেল বুকিংয়ের হিড়িক শুরু হয়ে গিয়েছে। যেখানে আহমেদাবাদের কিছু কিছু হোটেল ভাড়া ৪০ থেকে ৮০ হাজার রুপি পর্যন্ত চলে গিয়েছে বিশ্বকাপের জন্য।
প্রতিবেদন থেকে জানা যায়, হোটেল ভাড়া আকাশছোঁয়া তো কী হয়েছে! হাসপাতালের বেড তো পাওয়া যাবে!
এ নিয়ে ভোপালের সান্নিধ্য মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডিরেক্ট পরস শাহ বলেন, ‘যেহেতু এটা হাসপাতাল, সেহেতু পুরো বডি চেক-আপের জন্য সমর্থকরা পুরো রাত হাসপাতালেই থাকতে চাইছেন। এতে তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে। এক তো হোটেলের ভাড়া বাঁচছে, দুই পুরো বডি চেক-আপও হয়ে যাচ্ছে।’
এই হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডক্টর নিখিল বলছেন, ‘আমাদের কাছে লোকজন খোঁজ নিচ্ছে ২৪ থেকে ৪৮ ঘণ্টা হাসপাতালের বেড বুক করলে কত টাকা লাগবে! ওই বিশেষত ১৫ অক্টোবরের দিকটাতেই। আমরা পুরো বডি চেক-আপের প্যাকেজও চালু করছি। আর সবই হচ্ছে আসন্ন বিশ্বকাপে ভারত-পাক ম্য়াচকে ঘিরে। এটা শুধু আমাদের হাসপাতালের ব্যাপার নয়, শহরে যত হাসপাতাল আছে, সর্বত্রই একই চিত্র। আমরা তো অনান্য হেলথ প্যাকেজের কথাও ভাবতে শুরু করেছি।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাঁচতারকা হোটেলের কর্মকর্তা বলেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচের ১৩-১৬ অক্টোবরের জন্যে বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। ইতোমধ্যেই শহরের সব হোটেলের ঘর শেষের দিকে। ম্যাচের দিনগুলিতে আর হোটেল ঠাসা থাকবে।’
এই হোটেলগুলিতে ভিভিআইপিরাও থাকবেন। তাই বাড়তি নিরাপত্তা থাকবে বলেই মনে করা হচ্ছে। অক্টোবর মাস জুড়ে আহমেদাবাদের হোটেল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার রুপি পর্যন্ত হয়ে গিয়েছে। হোটেল মালিকরা মুনাফা করতে চাইছেন সেই মোক্ষম সময়ের জন্য। নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে আশ্রম রোডের তিন থেকে পাঁচতারকা হোটেলের দাম করা হয়েছে একদিনে ৮০ হাজার রুপি!
শুধু তাই নয়, স্টেডিয়াম থেকে দশ কিলোমিটার দূরে প্রাইড প্লাজা হোটেলের ভাড়াও ৫২ হাজার প্রতি রাতে। অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করতে গিয়ে মাথায় হাত ক্রিকেটপ্রেমীদের। সবাই প্রায় হোটেল বুকিং করতে চাইছেন তিনদিনের জন্য ১৪-১৬ অক্টোবর। তাতেই একজন ব্যক্তির জন্য দুই লাখের বেশি ভাড়া লেগে যাচ্ছে। বিলাসবহুল হোটেলে যে ঘরগুলি সাধারণ সময়ে ৬,৫০০ থেকে ১০,৫০০ রুপির মধ্যে ঘোরাফেরা করে, সেগুলিরই দাম আকাশ ছুঁয়েছে।











































