Home খেলাধুলা এমবাপ্পেকে রাখতে পিএসজির ‘চোখ কপালে ওঠা’র মতো প্রস্তাব

এমবাপ্পেকে রাখতে পিএসজির ‘চোখ কপালে ওঠা’র মতো প্রস্তাব

27

স্পোর্টস ডেস্ক।।

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে লোনে পিএসজি, পরের বছরই স্থায়ী হয়ে যান কিলিয়ান এমবাপ্পে। পরের বছর তার দুর্দান্ত পারফরম্যান্সেই রাশিয়া বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তার ঝলক ছিল দেখার মতো। লিগ ওয়ানেও গোল করছেন মুড়ি-মুড়কির মতো। তাই ২৪ বছরের এমন ‘সোনার হরিণ’কে পিএসজি ধরে রাখতে চাইবে সেটি খুবই স্বাভাবিক।

তবে পিএসজির হয়ে এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেননি এমবাপ্পে। বেশ কয়েকবছর ধরেই তার রিয়ালে যাওয়ার গুঞ্জন চলছে। তবে আলোর মুখ দেখেনি সেগুলো। আগামী বছর পিএসজির সঙ্গে চুক্তি শেষ এমবাপ্পের। চুক্তি শেষ করেই ফ্রি ট্রান্সফারে অন্য কোনো দলে যোগ দিতে চান এই ফরোয়ার্ড। তবে সেটি মানতে নারাজ পিএসজি। তারা চায় এমবাপ্পে থেকে যাক, নয়তো ‘ফ্রি’ হওয়ার আগেই বেচে দেওয়া হবে।

তবে এরই মধ্যে চোখ কপালে ওঠার মতো এক প্রস্তাব দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে পিএসজি। এমবাপ্পেকে আগামী ১০ বছর পর্যন্ত রাখার জন্য প্রস্তাব দিয়েছে ক্লাবটি। এর জন্য ১০০ কোটি ইউরো দিতেও প্রস্তুত নাসের আল খেলাইফির দল। খবর গোল ডটকমের।

 

১০ বছরের চুক্তি হলে এমবাপ্পের বয়স হবে ৩৪। অর্থাৎ, এটাকে আজীবনের চুক্তিও বলা যায়। ক্রীড়া ইতিহাসে এমন লোভনীয় চুক্তির ঘটনা কখনো ঘটেনি। তবে শোনা যাচ্ছে, এমবাপ্পে পিএসজিকে বলে দিয়েছেন, টাকার জন্য পড়ে থাকবেন না তিনি, রিয়াল মাদ্রিদে খেলা স্বপ্ন তার। সেখানে সম্ভাব্য সব ট্রফি জেতার সুযোগ আছে তার সামনে।