ঢাকা অফিস।।
‘মানসম্মান নিয়ে’ বাঁচতে চাইলে আন্দোলন বাদ দিয়ে নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সাতরাস্তায় এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।
শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা মাথা গরম করবেন না। ওরা (বিএনপি) পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমরা শান্তি চাই। পরিবেশ যত শান্ত থাকবে, আমাদের ভোট তত বাড়বে। তিনি আরও বলেন, খেলা হবে ডিসেম্বরে। তৈরি হয়ে যান। আজকে একদিকে জনগণের শক্তি; আরেকদিকে সন্ত্রাস আর অস্ত্র।
বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা না আসা আপনাদের বিষয়। কিন্তু নির্বাচনে বাধা দিতে এলে, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।
রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতাদের আমেরিকা বলে গেছে-
বাংলাদেশের নিয়ম ও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ইউরোপও বলেছে, আমেরিকাও বলেছে। ফলে বিএনপির এখন চোখ-মুখ শুকিয়ে গেছে।
বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মানুষের শক্তি যখন কমে যায়, তখন তার চোখে-মুখে থাকে বিষ। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে। সেটাই তাদের জ্বালা।
সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দলের নেতাকর্মীদের বলব- কোনো উসকানিতে পা দেওয়া চলবে না, সবাই ধৈর্য ধরে এগিয়ে যান।
বেলা তিনটায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকে সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বাদ্য-বাজনার তালে তালে ঘোড়ার গাড়ি, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিশাল বিশাল ছবি, জাতীয় পতাকা, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়েসহ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্যসংবলিত পোস্টারসহকারে নেতাকর্মীরা অংশ নেন।
আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএ মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সাদেক খান, হাবিব হাসান, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র চন্দসহ মহানগর উত্তর ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা। নেতাকর্মীর উপস্থিতি বেড়ে যাওয়ায় শোভাযাত্রাটি সাতরাস্তা থেকে শুরু করে মহাখালী হয়ে বনানীতে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় এ কর্মসূচি ছাড়াও বুধবার রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগরে আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।











































