খুলনাঞ্চল ডেস্ক।।
আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ। আজ বুধবার পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় কাবা ঘর।
হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এর আগে প্রতি বছর ৯ জিলহজ সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে গতবছর থেকে সেই নিয়মে পরিবর্তন এনে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পাল্টানো হচ্ছে।
সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আজ দশ ধাপে ‘পুরাতন গিলাফ’ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে হাতে তৈরি নতুন গিলাফটি কাবায় লাগাতে অংশ নেয় ১৩০ জনের একটি দল। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা।
কাঁচা সিল্কের নতুন গিলাফে ১২০ কেজি সোনা ও ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি করা হয়েছে। পবিত্র গিলাফ তৈরিতে দীর্ঘদিন সতর্কতার সঙ্গে কাজ করেছে একদল দক্ষ কারিগর।
আল আরাবিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশ সোনার তারে পবিত্র কোরআনের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে। এই গিলাফের পারিভাষিক নাম ‘কিসওয়াহ’। পুরো বছরজুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে খুবই সতর্কতার সঙ্গে কাবার গিলাফটি তৈরি করা হয়। গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়েছে। আর এগুলো একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন।
কাবার গিলাফ তৈরিতে প্রায় ২০০ জন কারিগর ও কর্মচারি আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন। বিভিন্ন বিভাগে কাজ করেন তারা। কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ আছে। এখানে থাকা সেলাই বিভাগে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিন। যেটি ১৬ মিটার লম্বা। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটি চালানো হয়।











































