স্পোর্টস ডেস্ক।।
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটের (৯১) মালিক তিনি যুজবেন্দ্র চাহাল। তবে দুঃখের বিষয় দেশটির হয়ে এখনও কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে কেলার সুযোগ পাননি তিনি। ২০২১ বিশ্বকাপে চাহালকে স্কোয়াডেই নেওয়া হয়নি। আর ২০২২ বিশ্বকাপে দলে থাকলেও প্রতিটি ম্যাচেই ছিলেন বেঞ্চে। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল। যদিও চাহাল নিজেও জানেন না কেন সুযোগ পাননি তিনি। তবে টি-টোয়েন্টি দলে সুযোগ না পেয়ে খুব কষ্ট পেয়েছিলেন এই লেগ স্পিনার। এমনকি বাথরুমে গিয়ে কেঁদেছিলেনও তিনি। খবর স্পোর্টস কিডার।
চাহাল সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন সুযোগ পেলাম না তখন সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম। আমি খুব একটা কাঁদি না। কিন্তু সে দিন বাথরুমে গিয়ে কেঁদেছিলাম। বাদ দেওয়ার সিদ্ধান্ত মানতে পারিনি।’
আইপিএলে র্যায়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলার সময়েই প্রথম নজরে আসেন চাহাল। তার পরেই ভারতীয় দলে সুযোগ পান তিনি। কোহলি চহালকে খুব পছন্দ করতেন। তাই তিনি অধিনায়ক থাকা সত্ত্বেও কেন চহাল সুযোগ পাননি সেটা এখনও ধোঁয়াশা তার কাছে। চাহাল বলেন, ‘আমার খুব অবাক লেগেছিল। আমি কোহলির নেতৃত্বে এত ম্যাচ খেলেছি। অথচ কোহলিদের দলেই আমাকে নেওয়া হয়নি। কিন্তু আমি কোনো দিন কাউকে জিজ্ঞাসা করিনি যে কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল।’
এদিকে আট বছর ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন চাহাল। ২০২১ সালের আইপিএলের পর হঠাৎ তাকে ছেঁটে ফেলেছিল কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। সেই ঘটনাতেও আঘাত পেয়েছিলেন চাহাল। আরসিবির বিরুদ্ধে তার অভিযোগ, এই ফ্র্যাঞ্চাইজ়ি কথা দিয়ে কথা রাখেনি। ৩২ বছরের লেগ স্পিনার এখনও জানেন না, কেন তাকে রাখেনি দলটি। এখন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেন তিনি। ধারাবাহিক ভাবে সাফল্যও পাচ্ছেন।











































