Home বিনোদন এই সুমী কোন সুমী?

এই সুমী কোন সুমী?

24

বিনোদন প্রতিবেদক।।

দেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। যার দলনেতা শারমীন সুলতানা সুমী। গতকাল রোববার এই দলনেতা ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দেন। ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় নতুন এক সুমীকে! যার সঙ্গে তার মিল পাওয়া বেশ কষ্টসাধ্য। তবে চিরকুটের এই দলনেতা সেই ছবিতেই জানিয়ে দেন- এটি তার এআই ভার্সন।

প্রযুক্তিগত উন্নয়নে দ্রুত বদলে যাচ্ছে আমাদের বিশ্ব। আমাদের জীবনকে আরও সহজ ও দক্ষ করে তুলেছে এআই। যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। সেই বুদ্ধিমত্তাই পাল্টে দিয়েছে সুমীর রূপ। দুটি এআই ভার্সনের ছবি ফেসবুকে প্রকাশ করে এই দলনেতা লিখেছেন, ‘একজন দিয়া কইল “Your AI Version”। সেই একজন হইল মানে- AI করেছেন।’

এদিকে, দীর্ঘ এক মাসের সফর শেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে চিরকুট ব্যান্ড। এই সফরে লস অ্যাঞ্জেলেসের হলিউডে অবস্থিত বিখ্যাত ‘ওয়েস্টলেক স্টুডিও’তে যান সুমী ও তার দল। সেখানে গিয়ে শুধু পরিদর্শন নয়, গানও রেকর্ড করেন তারা। জ্যাকসনের স্মৃতি বিজড়িত এই স্টুডিওতে চিরকুট নতুন করে রেকর্ড করে তাদের শ্রোতাপ্রিয় গান ‘আহারে জীবন’।

 

এসময় উচ্ছ্বাস প্রকাশ করে ব্যান্ডটির প্রধান শারমিন সুলতানা সুমী বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় একটি স্মরণীয় দিন। আমরা আমাদের অর্ধেক বা তার বেশি জীবন স্টুডিওতে কাটিয়েছি। স্টুডিও আমাদের স্বস্তি, বাড়িঘর। বাংলাদেশ থেকে এসে আজ হলিউডের এই স্টুডিওতে, এত জগদ্বিখ্যাত মানুষের গন্ধমাখা জায়গাটাতে আমরা সারাদিন রেকর্ড করেছি। সারাদিন কাটিয়েছি। সৃষ্টিকর্তা আমাদের এত দিয়েছেন, কৃতজ্ঞতায় বারবার নুয়ে যাই আমরা।’

সেসময় সুমী জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় থাকা তাদের ‘আহারে জীবন’ গানটির নতুন রেকর্ড খুব শিগগিরই প্রকাশ হবে।