স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ সোমবার। ‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ এ স্লোগানে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক। এতে বিভাগের ১০ জেলার নেতাকর্মী এনে ব্যাপক শোডাউন করতে চাচ্ছে বিএনপি।
ইতোমধ্যে সিটি করপোরেশন থেকে ১২ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। বিষয়টি চিঠি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে। সকাল ১০টায় সমাবেশ শুরু হবে। প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সমাবেশ সফলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন। ওয়ার্ড থেকে জেলা ও বিভাগ পর্যায়ে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ করা হয়েছে। আশা করছি, খুলনায় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
মহানগর যুবদলের সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, দেশের অন্যান্য স্থানে তারুণ্যের সমাবেশের তুলনায় খুলনায় বেশি উপস্থিতি নিশ্চিতের চেষ্টা চলছে। আশা করছি, ১ লাখ নেতাকর্মীর জমায়েত হবে।











































