Home আঞ্চলিক যশোরে ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু

যশোরে ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু

32

যশোর অফিস।।
যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও নয়জন। এ নিয়ে যশোরে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন। শনিবার দুপুরে যশোর সিভিল সার্জনের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়েছে। এদিকে মশানিধন তৎপরতা নিয়ে হতাশ এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- চৌগাছা কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার বাসিন্দা আব্দুল গফফার (৬৫)। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা দুজনই স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ জুলাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তাদের মৃত্যু হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া দুজনই স্থানীয়ভাবে আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন জানান, যশোরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। খারাপ হতে পারে এমন আশঙ্কায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উপজেলায় নিয়মিত উঠান বৈঠক ও অবহিতকরণ সভা করা হচ্ছে।

শহরের জেল রোড এলাকার বাসিন্দা শিউলি বেগম বলেন, তাদের এলাকায় কখনো মশার ওষুধ ছিটানো হয়নি। মশার ওষুধ শেষ কবে আমাদের এলাকায় দিয়েছে আমরা কেউ বলতে পারি না। শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা হাসানুজ্জামান বলেন, হাসপাতালে রোগী ভর্তির কারণে জানতে পারছি জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে; কিন্তু গুরুত্বপূর্ণ এলাকায় মশা নিধনের কোনো কার্যক্রম কারো নজরে পড়েনি।

যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ জানিয়েছেন, চলতি মাসের শেষে ৯টি ওয়ার্ডে একসঙ্গে মশকনিধন কার্যক্রম শুরু করা হবে। ডেঙ্গু ভাইরাস থেকে রক্ষা পেতে পৌরসভার উদ্যোগে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।