স্টাফ রিপোর্টার।।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। কানায় কানায় পূর্ণ রোগী ও তাদের স্বজনে। বিভাগের সবচেয়ে বড় এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর সবচেয়ে বেশি রোগীর চাপ সামাল দিচ্ছে। হাসপাতালটি ৫০০ শয্যার হলেও রোগী ভর্তি করা হয়েছে প্রায় ১ হাজার ৬০০। রোগী ও তাদের স্বজনরা শয্যা খালি না পেয়ে অবস্থান নিয়েছেন মেঝে-বারান্দায়। এ অবস্থায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। চরম সংকট দেখা দিয়েছে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর। আর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় এডিস মশার ব্যাপক বিস্তারের কারণে। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি।
শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের কক্ষের সামনে, ব্লাড ব্যাংকের সামনের বারান্দা, দুই, তিন ও চার তলায় লিফটের সামনেও শুয়ে আছেন অসংখ্য রোগী। ফাঁকা নেই কোনো মেঝে-বারান্দা। হাসপাতালের বিছানা না থাকায় কাঁথা কিংবা মাদুরের ওপর শুয়ে আছেন রোগীরা। মাঝখানের এক-দেড় ফুট খালি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে রোগীর স্বজন ও হাসপাতালের লোকজন। ধুলা উড়ে যাচ্ছে রোগীদের নাক, মুখ ও চোখে। মাঝেমধ্যে বৃষ্টি এলে জানালা দিয়ে পানি ঢুকছে, ভিজে যাচ্ছেন সেবাপ্রত্যাশীরা। ৫০০ শয্যার জন্য বরাদ্দ ওষুধ ভাগ করে দেওয়া হচ্ছে তিন গুণের বেশি রোগীকে। আর এত বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। অস্ত্রোপচারের জন্য রোগীদের অপেক্ষায় থাকতে হচ্ছে দিনের পর দিন। পরীক্ষা-নিরীক্ষা করাতেও লাগে দীর্ঘসময়।
বাগেরহাটের শরণখোলার শেফালী বেগম বলেন, আমার ভাইয়ের গায়ে জ্বর ছিল। স্থানীয় হাসপাতালে নিলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। সেখান থেকে খুলনায় পাঠানো হয়। খুমেক হাসপাতালে এসে দেখি দাঁড়ানোরও জায়গা খালি নেই। কিন্তু চিকিৎসাতো নিতে হবে, বাঁচতে হবেতো। অনেক ঘোরাঘুরি করে একটি মেঝেতে একটু ফাঁকা পেয়েই মাদুর বিছিয়ে ও মশারি টাঙিয়ে অবস্থান নিয়েছি।
খুলনার তেরখাদার দেলোয়ার শেখ বলেন, অসুস্থ হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছি। এসে দেখি শয্যা খালি নেই। মেঝেতেও রোগী ও তাদের স্বজনদের ভিড়। কোনো রকম বিছানা পাতার জায়গা খুঁজে পেতেও কষ্ট হয়েছে। কোথাও একটু জায়গা ফাঁকা হলে অনেকে হুমড়ি খেয়ে পড়েন দখলের জন্য। এভাবে এক প্রকার যুদ্ধ করে মেঝেতে ঠাঁই মিলেছে। কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাচ্ছি না। চিকিৎসকরা ব্যবস্থাপত্র লিখছেন। অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে চিকিৎসকের পদ ৫০০ শয্যা অনুপাতে ৩০০টি, কিন্তু এর মধ্যে আবার ৯২টি পদ শূন্য রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল কাঠামো এখনও ২৫০ শয্যা অনুপাতে রয়েছে। সেখানেও ২২৬টি পদের মধ্যে ১৪৪টি শূন্য। এ ছাড়া নার্সের ৯টি পদ শূন্য রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শয্যা সংখ্যার অতিরিক্ত হাজার রোগী মেঝেতে রয়েছে। তাদের শয্যা দিতে না পারাটা অমানবিক। কিন্তু কিছুই করার নেই। হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০তে উন্নীত হলেও অবকাঠামো এখনও ২৫০ শয্যার। যেসব ওষুধ বরাদ্দ নেই, সেগুলো রোগীদের বাইরে থেকে কিনতে হয়।
হাসপাতালের পরিচালক ডা. রবিউল হোসেন বলেন, বেসরকারি ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা ব্যয় অনেক বেশি। এজন্য এখানে অনেক রোগী আসেন। এ বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি আশপাশের জেলা থেকেও রোগীরা আসছেন। এতো রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সেবাপ্রত্যাশীর চাপে বাথরুমগুলো পরিষ্কার রাখাও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিকে ৫০০ থেকে দেড় হাজার শয্যায় উন্নীত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না। হাসপাতালের পরিধি বাড়িয়ে সেবার মান উন্নত এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ করলে নাগরিকরা সুচিকিৎসা পাবেন।-সমকাল











































