Home Uncategorized পথে পথে বাধা, হামলা ও আটকের অভিযোগ

পথে পথে বাধা, হামলা ও আটকের অভিযোগ

22

খুলনাঞ্চল রিপোর্ট।।
ঢাকার নয়াপল্টনের সমাবেশে যোগ দিতে আসা বিএনপি’র নেতাকর্মীরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন। কোথাও কোথাও নেতাকর্মীদের ওপর হামলা ও আটকের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। বেশকিছু জেলায় ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে পথচারী ও গাড়ি থামিয়ে তল্লাশি করে পুলিশ নেতাকর্মীদের হয়রানি করেছে বলেও অভিযোগও উঠেছে। পুলিশের চেকপোস্টের নামে হয়রানির কবলে পড়েছেন সাধারণ পথচারীরাও। অনেক স্থানে পথচারীদের আটকে তাদের মোবাইল ঘাঁটাঘাঁটি করে দেখা হয়েছে তাদের সঙ্গে বিএনপি ও সমাবেশের কোনো যোগসূত্র আছে কিনা। গাবতলীতে বিএনপি নেতাকর্মীদের মুঠোফোন ঘেঁটে কয়েকজনকে আটকের অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঢাকার সমাবেশে যোগ দিতে চাইলে হামলার শিকার হন বিএনপি’র বিভিন্ন স্তরের অন্তত ১২ জন নেতাকর্মী। তবে এখন পর্যন্ত কতোজন আহত, হামলা ও গ্রেপ্তারের শিকার হয়ছেন তার প্রকৃত হিসাব পাওয়া যায়নি। এদিকে, রাজধানীতে একই সময়ে আওয়ামী লীগেরও সমাবেশ ছিল।

সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় গণপরিবহনের সংখ্যা কম ছিল। ঢাকার প্রবেশ পথ আমিনবাজারের আগেই থামিয়ে দেয়া হয় দূরপাল্লার বিভিন্ন বাস।

 

এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে বয়স্ক এবং রাজধানীতে চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালের দিকে আসা যাত্রীরা পড়েছিলেন বেশি সংকটে। উপায় না পেয়ে হাজার হাজার মানুষ পায়ে হেঁটেই ঢাকায় প্রবেশ করেছেন। আবার কেউ কেউ গণপরিবহন না থাকার কারণে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রিকশা, সিএনজিতে গন্তব্যে যান। গতকাল রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। সকাল থেকে রাজধানীর আগারগাঁও, শ্যামলী, বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ, পল্টন, শনির আখড়া, কাজলা যাত্রাবাড়ী, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়, শিক্ষা ভবনসহ বিভিন্ন এলাকায় সড়কে যানবাহনের চাপ কম ছিল। জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা বাস-সিএনজি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। অধিকাংশ সড়কে বাস কম ছিল। কোনো কোনো সড়কে বাস চললেও যাত্রী ছিল না। তবে দুই সমাবেশ স্থলের আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট ছিল। বিশেষ করে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, বিজয় সরণি, মৎস্য ভবন, দৈনিক বাংলা, মতিঝিলসহ আশপাশের এলাকাগুলোতে যানজট ছিল। অফিস আদালত ছুটির সময় যানজটের তীব্রতা অনেক বেড়ে যায়।
আমিনবাজারে থাকা যাত্রীরা অভিযোগ করে বলেন, পুলিশ ঢাকায় গাড়ি ঢুকতে দিচ্ছে না এজন্য পায়ে হেঁটেই যাচ্ছি। এভাবে ঘোষণা ছাড়া গাড়ি ঢুকতে না দেয়ায় বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছে। মানিকগঞ্জ থেকে আসা এক ব্যক্তি বলেন, বিএনপি’র সমাবেশে যাবো বলে এসেছি। কিন্তু পুলিশ বাস থেকে নামিয়ে দিচ্ছে। হেঁটেই এই পর্যন্ত এসেছি। চেকপোস্টে থাকা ঢাকা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, এটি আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম। যাত্রীদের অভিযোগ, দীর্ঘসময় ধরে পুলিশের তল্লাশির কারণে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। চেকপোস্টের কারণে দেড় থেকে ২ ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে। এক যাত্রী বলেন, আমিনবাজার পুলিশের চেকপোস্টে ১ ঘণ্টা আটকে ছিলাম। দুপুর ২টায় আমাদের পরীক্ষা। কোনো উপায় না পেয়ে বাস থেকে নেমে হাঁটা শুরু করি। সালাম নামের আরেক পথচারী বলেন, পুলিশ আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে কললিস্ট ও মেসেজ দেখছে। বারবার আমাকে জিজ্ঞেস করছিল আমি বিএনপি’র সমাবেশে যাচ্ছিলাম কিনা। পরে মোবাইল ঘাঁটাঘাঁটি করে আমাকে ছাড়েন। আরেক পথচারী এরকম অভিযোগ করে বলেন, আমার মোবাইল নিয়ে একজন পুলিশ সদস্য লক খুলে দিতে বলেন। লক খুলে দেয়ার পরে কিছুক্ষণ পর আমাকে ছাড়া হয়। তারা ভেবেছিল আমি বিএনপি’র কর্মী। সমাবেশে যাচ্ছি। পল্টন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা বলেন, আজ বাস নেই বললেই চলে। তবুও যেগুলো আসা-যাওয়া করছে সেগুলো যেন ঠিকমতো চলাচল করতে পারে তাই দেখাশোনা করছি। কাজীপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানান, বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। অনেকে বাস না পেয়ে ফিরে যাওয়ার কথাও ভেবেছেন। অনেকে আবার গুগল ম্যাপে যানজট দেখে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ দ্রুত পৌঁছানোর জন্য বিকল্প রাস্তা খুঁজেছেন।

মুন্সীগঞ্জে বাস চলাচল বন্ধ ছিল:

বিএনপির সমাবেশের কারণে গতকাল সকাল থেকে মুন্সীগঞ্জে বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। বাস বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেছে সিএনজি, লেগুনা চালকরা। মুন্সীগঞ্জ শহর থেকে ঢাকা যাওয়ার একমাত্র যাত্রী পরিবহনকারী দীঘিরপাড় পরিবহনটি বন্ধ ছিল। বুধবার দুপুর ১টায় গিয়ে দেখা যায় মুন্সীগঞ্জ মুক্তারপুর সেতুর পূর্বপাশে বাসস্ট্যান্ডে কোনো বাস নেই। বাস কাউন্টারগুলো বন্ধ। মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী অনেক যাত্রী বুঝে উঠতে পারেননি কেন বাস বন্ধ হয়ে গেল। এ সময় যাত্রীরা কেউ কেউ বাসের জন্য অপেক্ষাও করেন। আবার অনেকেই দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প হিসেবে সিএনজি’র মাধ্যমে গন্তব্যে যান। মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ বাসস্ট্যান্ডে আসার পথে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সারি বেঁধে বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাস না থাকায় অনেকেই মুক্তারপুর সিএনজি বা লেগুনার আশায় ছুটে যান। বিএনপি’র মুন্সীগঞ্জ জেলার কয়েকজন নেতাকর্মী জানান, পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু দেখেছি, ঢাকায় বিএনপি’র কোনো কর্মসূচি হলে স্থানীয় বাস-লঞ্চসহ অন্যান্য পরিবহনের মালিকরা তাদের পরিবহনগুলো বন্ধ করে দেয়। পুলিশও ধরপাকড় শুরু করে। তাই যারা সমাবেশে যাবে তারা মঙ্গলবার রাতের মধ্যে চলে গেছে। নাম প্রকাশ না করার শর্তে দীঘিরপাড় পরিবহনের বাসের চালক জানান, শুনেছি ঢাকায় বিএনপি’র সমাবেশ আছে। গতকাল রাতেই আমাদেরকে বাস বন্ধ রাখতে বলা হয়েছে। বাসের বিষয়ে দীঘিরপাড় পরিবহনের মালিক মো. বাবুল বলেন, তাদের কোম্পানির মোট ২৭টি বাস রয়েছে। তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ করতে বলেছেন, এটি তার জানা নেই।

পুলিশি তল্লাশি, অর্ধশতাধিক ব্যক্তি আটক:

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশে বাধা দেয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে পুলিশের দাবি নিরাপত্তাজনিত কারণেই তাদের এই বিশেষ তল্লাশি কার্যক্রম। তল্লাশি অভিযানে সাভার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম। সরজমিন ঘুরে দেখা যায়, বুধবার সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ কারণে সাভারের সড়কগুলোতে গণপরিবহন চলাচল সাধারণের চেয়ে অনেক কম দেখা যায়। তবে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশির কারণে সড়কটির হেমায়েতপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দীর্ঘক্ষণ গরমে গাড়িতে বসে থাকার পর অতিষ্ঠ হয়ে এবং প্রয়োজনে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন। পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা দেয়া একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনবাজারে পুলিশ সদস্যরা ঢাকাগামী বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন ও তাদের কাগজপত্র চেক করছেন এবং সেখান থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। এ কারণে সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে এই তীব্র রোদ উপেক্ষা করে অসংখ্য যাত্রী পায়ে হেঁটেই নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।

তাদের দাবি, পুলিশের এই তল্লাশি যে কারণেই করা হোক আমাদের মতো সাধারণ মানুষ এতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছে। এদিকে বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে পুলিশের চেকপোস্ট থেকে পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে রাজধানীতে প্রবেশের সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে থেকে আটককৃত বেশ কয়েকজনকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে রাজধানীর দিকে নিয়ে যেতে দেখা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে চেকপোস্ট থেকে কাউকে আটক করা হয়নি। এনামুল হক নামে এক ব্যক্তি অভিযোগ করেন, সকালে বিএনপি’র সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় আমার ছোট ভাই আজাদুলকে আটক করেছে পুলিশ। পরে তাকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজাদুল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানান তিনি। বিএনপি নেতা মো. খোরশেদ আলম অভিযোগ করেন, নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সমাবেশে যোগ দেয়ার জন্য ৭০টি হায়েস মাইক্রো ভাড়া করা হয়। সকাল থেকে সমাবেশে যোগ দেয়ার উদ্দেশে জাহাঙ্গীরনগর সোসাইটি গেটে গাড়িগুলো জড়ো করা হয়। বেলা ১০টার দিকে ৩ গাড়িতে সাভার মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাশিদের নেতৃত্বে একদল পুলিশ অন্তত ৪০টি গাড়ি আটকে দেয়। এরমধ্যে তারা ১৪টি গাড়ির চাবি নিয়ে যাওয়ার পাশাপাশি পুলিশ তাকে সাভারের পৌর এলাকার ছায়াবীথি মহল্লার নিজ বাসায় অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ করেন। খোরশেদ আলম আরও অভিযোগ করেন, আমিনবাজার চেকপোস্ট থেকে অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া, আমিনবাজার চেকপোস্টে নেতাকর্মীদের আটকের খবর পেয়ে বিকল্প পথে বিরুলিয়া হয়ে সমাবেশে যাওয়ার পথে ১৫-২০ জন নেতাকর্মীসহ সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বাসচালক ফরিদ উদ্দিন বলেন, সকাল থেকেই আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়ে আমাদের কোনো বাস ঢুকতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমিনবাজার থেকে বাস ঘুরিয়ে আবার সাভারে ফেরত এসেছি। আটকের বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ট্রাফিক সপ্তাহ চলছে এজন্য আমরা আমিনবাজারে রয়েছি। বিএনপি’র সমাবেশকে ঘিরে আমরা কাউকে আটক করিনি, কারও গাড়িও আটক করা হচ্ছে না। তবে তিনি জানান, ঢাকায় আদালত চত্বর থেকে যেই ২ জন জঙ্গি পালিয়ে গিয়েছিল, তাদের তথ্য পাওয়া গেছে এবং তারা এই পথ দিয়ে যেতে পারে। সে জন্যই ওই জঙ্গিদের ধরতে পুলিশের পক্ষ থেকে আমাদের এই চিরুনি অভিযান চলছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, বিশেষ কোনো কারণে এটি পরিচালিত হচ্ছে না। এ ছাড়া সমাবেশকে ঘিরে রাজধানীতে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য চেকপোস্টে তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকেই আটক করা হয়নি।

কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্টে বাধা:

সমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়া নেতাকর্মীদের কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্টে বাধা দেয়া হয়। বুধবার সকাল থেকেই রাজধানীর প্রবেশ মুখে বুড়িগঙ্গা প্রথম সেতুর প্রবেশ মুখে হাসনাবাদে, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর প্রবেশ মুখে কদমতলীতে, বছিলা সেতুর প্রবেশ মুখে ঘাটারচরে সকাল থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করে। এ সময় দক্ষিণবঙ্গ, মুন্সীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জ থেকে আসা বিএনপি নেতাকর্মীদের গাড়িতে ও পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশে বাধা প্রদান করা হয়। এ সময় পুলিশ অনেক নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। পুলিশ প্রতিটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের খুঁজে বের করার চেষ্টা করেন। এ সময় অনেক নেতাকর্মী বিএনপি’র পরিচয় না দিয়ে সাধারণ জনগণ সেজে রাজধানীতে প্রবেশ করেন। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে পুলিশ বাধা প্রদান করে। এদিকে কোন্ডা ইউনিয়নের পানগাঁও ঘাট থেকে শাক্তা ইউনিয়নের ঘাটারচর ঘাটসহ অর্ধশতাধিক খেয়াঘাট সকাল থেকেই বন্ধ থাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা পেয়ে অনেক বিএনপি নেতাকর্মী বুড়িগঙ্গা নদী পার হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়। কদমতলীতে বুড়িগঙ্গা সেতুর প্রবেশ মুখে মুন্সীগঞ্জ থেকে আসা আব্দুর রহিম জানান, তারুণ্যের সমাবেশে যেতে পুলিশ আমাদের বাধা দিচ্ছে। সমাবেশে যাওয়া আমাদের একটি গণতান্ত্রিক অধিকার। আমরা পুলিশের এই বাধার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রথম বুড়িগঙ্গা সেতুর প্রবেশ মুখে হাসনাবাদে আহমেদ নামে এক বিএনপিকর্মী জানান, সকাল থেকেই সমাবেশে যেতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিচ্ছে। আমাদের অনেককে আটক করা হয়েছে। আমরা পুলিশের এই বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি নেতাকর্মীর ওপর হামলা, আহত ১২:

ঢাকায় বিএনপি’র সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোলপালপুর উপজেলার নগদা শিমলা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার আহতরা হলেন- ধনবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বিজয় সরকার, বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অন্তর হাসান, যদুনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মামুন খান। এ ছাড়াও বলিভদ্র ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এমএ আজিজুর রহমানের ছেলে মির্জা হাবিব হাসান, মুশুদ্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন, বীরতারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহান হাসান ও মাইক্রোবাসের চালকসহ কমপক্ষে ১৩ জন আহত হন।

বিএনপি নেতাকর্মীরা জানান, ধনবাড়ী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতকর্মীরা নয়াপল্টনে দলীয় সমাবেশে যোগদানের জন্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে রওনা হয়। রাত আনুমানিক ২টার দিকে মাইক্রোবাসটি গোপালপুর উপজেলার শিমলা বাজারের কাছে পৌঁছলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠির আঘাতে ১২ জনকেই আহত করা হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্ককাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজুর রহমান বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গোপালপুর শিমলা বাজারে পৌঁছলে সরকারদলীয় নেতাকর্মীরা মাইক্রোবাস থামিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মাইক্রোবাসের ১২ নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্ককাজনক। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কারও অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।