স্পোর্টস রিপোর্টার।।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। পাঁচ অক্টোবর প্রথম ম্যাচ হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে সাত অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রথম ম্যাচ আগফানদের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেন্সে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও পাকিস্তানের সঙ্গে টাইগারদের ম্যাচ ৩১ অক্টোবর। সর্বমোট এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচ আয়োজন করবে ইডেন গার্ডেন্স। গত সোমবার বাংলাদেশের দুই ম্যাচসহ বাকি তিন বিশ্বকাপ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেনে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে খরচ করতে হবে ৬৫০ থেকে ৩০০০ টাকা। ভারত বাংলাদেশের পাশ্ববর্তী ম্যাচ হওয়ায় বিশ্বকাপ নিয়ে অনেকেরই আগ্রহ যে কোনো বারের চেয়ে বেশি। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ দর্শকদের বিশ্বকাপ দেখতে ভারত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেক্ষত্রে টিকিট ক্রয় করার প্রক্রিয়া নিয়ে দ্বিধা রয়েছেন অনেকের মনে।
তাদের জন্য সুখবর, ঢাকা থেকেই বিশ্বকাপের টিকিট কাটা যাবে। ‘ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক’ ভারতে হতে যাওয়া আইসিসি মেগা ইভেন্টের টিকিটের দায়িত্ব পেয়েছে। এই প্রতিষ্ঠানই কাতার বিশ্বকাপ টিকিটের দায়িত্ব পেয়েছিল। ভারত প্রতিবেশী দেশ হওয়ায় টিকেটিং কার্যক্রম সহজ এবং স্বচ্ছ রাখতে চায় তারা। একই সঙ্গে বিভিন্ন ভেন্যুর তথ্য এবং ভ্রমণ সেবাও দিবে প্রতিষ্টানটি। এ বিষয়ে ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের প্রধান নির্বাহী জহিরুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে আইডিয়া দেওয়া হয়েছে সেখানে পাঁচটি ক্যাটাগরিতে টিকিট মিলবে বলে জানানো হয়েছে। এ-বি-সি-ডি-ই গ্লোবালি তারা দায়িত্ব নিয়েছে টিকিট হ্যান্ডেলিংয়ের জন্য। তাদের একটা হ্যান্ডেলিং চার্জ এখানে রয়েছে। তারপর আইসিসির টিকিটের চার্জ একটাআছে।
এরপর আইসিসি বলেছে যেখানে খেলা হবে সেখানে একটা হোটেল বা বিমান টিকিটটা যোগ করতে হবে। সেই সঙ্গে আমাদের সার্ভিস চার্জ রয়েছে। এই চারটি কম্পোনেন্টমিলেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।’ ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাজমুল হাসান বলেন, ‘ই-কমার্স ট্রান্সফরমার তৈরি করছি। যাতে করে বাংলাদেশসহ সারাবিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের মাধ্যমে টিকিটগুলো নিয়ে নিতে পারবে। আর তাদের টিকিটগুলো সেই অনুযায়ী আমরা বাংলাদেশসহ সব জায়গাতে ডিস্ট্রিবিউশন করে দেব।’











































