Home খেলাধুলা সাবিনাদের সামনে ভিন্ন এক চ্যালেঞ্জ

সাবিনাদের সামনে ভিন্ন এক চ্যালেঞ্জ

15

স্পোর্টস রিপোর্টার।।
দীর্ঘ ১০ মাস পর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বৃহস্পতিবার ও রোববার কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ দু’টি খেলবেন সাবিনা-কৃষ্ণারা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফেরার পাশাপাশি নতুন এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২১ সালের ২৬শে সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত ৮টি ম্যাচ খেলে একটিও হারেনি। ৭ ম্যাচ জিতে এক ম্যাচ ড্র করেছে। সাবিনারা কি পারবেন নেপালের বিপক্ষে অপরাজিত থেকে নতুন রেকর্ড সৃষ্টি করতে। গত বছর ১৯শে সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশ। তারপর কেটে গেছে দীর্ঘ ১০ মাস। বাফুফে মেয়েদের জন্য একটি ম্যাচও আয়োজন করতে পারেনি। উল্টো মেয়েদের অলিম্পিক কোয়ালিফাই ম্যাচ খেলতে মিয়ানমার না পাঠিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

সিঙ্গাপুর ও মঙ্গোলিয়ার সঙ্গে ম্যাচ খেলা পাকাপাকি হলেও তা বাতিল হয় ওই দুই দেশের অনাগ্রহে।

যে কারণে গত সেপ্টেম্বরের পর মেয়েদের আর মাঠেই নামা হয়নি। জুনিয়র মেয়েরা খেলার মধ্যে থাকলেও সমস্যা তৈরি হয়েছে সিনিয়রদের। জাতীয় দলের ম্যাচ ছিল না, ফ্র্যাঞ্চাইজি লীগ হবে হবে করেও হয়নি। ঘরের এই লীগ খেলার আশায় বেশ কয়েকজন সিনিয়র মেয়ে ফিরিয়ে দিয়েছেন দেশের বাইরে খেলার প্রস্তাব। সাফের অন্যান্য দেশ এরই মধ্যে বেশ কয়েকটি করে ম্যাচ খেললেও সাবিনারা শুধু অনুশীলনই করে যাচ্ছিলেন। অবশেষ তারা পেতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত সেই ম্যাচ। যা খেলতে মুখিয়ে আছেন নারী ফুটবলাররা। সাবিনাদের চেনা প্রতিপক্ষ নেপাল গতকাল দুপুরে ঢাকায় পৌঁছেছে। চেনা প্রতিপক্ষ হলেও ম্যাচ দু’টি নারী ফুটবলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ। ১০ মাস আগে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যে সেরা তা আবারও মাঠে প্রমাণের পালা মেয়েদের। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা যে নেপালের বিপক্ষে জিতে সাফ চ্যাম্পিয়ন হয়েছি প্রত্যেক খেলোয়াড় সেটা মাথায় নিয়েই মাঠে নামবে। আমাদের পুরো ফোকাস এখন এই দুই ম্যাচে।’
এটা ঠিক সাফের সেই দলটির গুরুত্বপূর্ণ ৩ খেলোয়াড় নেই। ফুটবল ছেড়ে দিয়েছেন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও নির্ভরযোগ্য ডিফেন্ডার আঁখি খাতুন। ক্যাম্পে থাকলেও ইনজুরির সঙ্গে লড়ছেন ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সেন্টারব্যাক মাসুরা পারভীন। সামসুন্নাহার জুনিয়র ও হালিমা খাতুনরা মাত্রই ডেঙ্গু থেকে উঠেছেন। এখনো ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত নন। আরও পাঁচ ফুটবলারের জ্বর। সাফজয়ী দলের অনেক খেলোয়াড় না থাকায়, ফুটবলার ও কোচিং স্টাফরা এখনই নেপালের সঙ্গে ম্যাচ আয়োজনের বিপক্ষে ছিলেন। তারা এক মাস আগেই সংশয়ের কথা জানিয়েছিলেন মহিলা ফুটবলের সর্বেসর্বা মাহফুজা আক্তার কিরণকে। তবে তিনি কানে তোলেননি। সাফ জিতে আসার পর যিনি মেয়েদের বারবার মাঠে ফেরায় অন্তরায় হয়েছিলেন, সেই কিরণ অনেকটা একক সিদ্ধান্তে আয়োজন করছেন এই সিরিজ।

আবার ডাগআউটে থাকবেন না নারী ফুটবলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে ঢাকা এসে নেপাল সেই বাংলাদেশকে পাবে না, যে বাংলাদেশের কাছে ঘরের মাঠে ফাইনালে হেরেছে। যা হোক, তারপরও মেয়েরা এই ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দুই সেশনে। ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ আছে। আছে ইনজুরির সমস্যা। তবুও মেয়েরা কথা দিয়েছেন এসব প্রতিকূলতা উতরাতে আবারও নেপালকে হারাবেন।