স্পোর্টস রিপোর্টার।।
অবশেষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। সফরকারীদের ১২৬ রানে গুটিয়ে দিয়েছিল স্বাগতিক বোলাররা। হোয়াইটওয়াশ বাঁচাতে লক্ষ্য তাড়ায় ১৫৯ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যায় টাইগাররা। চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হারে ১৭ রানে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান জয় তুলে নেয় রেকর্ড ১৪২ রানে। বলার অপেক্ষা রাখে না বাংলাদেশকে বড় ধাক্কাই দিয়েছে সফরকারীরা। তবে এই সিরিজে হার-জিতের চেয়েও বড় আলোচনার বিষয় ছিল নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর। হঠাৎ করেই দলের অন্তর্কোন্দলে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পরই।
তবে ২৯ ঘণ্টার ব্যবধানে প্রধানমন্ত্রীর নির্দেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। দেড় মাসের বিশ্রাম নিয়ে তিনি ফিরবেন এশিয়া কাপে।
তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে এসে সিরিজ খোয়ালেও শেষ ম্যাচে ব্যাট হাতে দলকে জয় এনে দেন অধিনায়ক লিটন দাস। ৬০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন টাইগার অধিনায়ক। শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পান তরুণ পেসার শরিফুল ইসলাম। টসে হেরে বল করতে নেমে এই পেসারই দলকে সহজ জয়ের পথ দেখান। নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই গুঁড়িয়ে দেন আফগানদের টপ অর্ডার। ২১ রানে চার উইকেট নেন এই পেসার। তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ পাওয়া তাসকিন ও স্পিনার তাইজুলও করেন দুর্দান্ত বল। দু’জনই তুলে নেন দুটি করে উইকেট। ৪৫.২ ওভারে আফগানরা গুটিয়ে যায় ১২৬ রানে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খায় দল।
ওপেনার নাঈম শেখ রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে। এরপর নাজমুল হোসেন শান্ত শুরুটা ভালো করলেও সঙ্গ দিতে পারেননি অধিনায়ককে। মাত্র ১১ রানে তিনি ফজল হক ফারুকির দ্বিতীয় শিকার হন। সেখান থেকে দলের হাল ধরেন লিটন ও সাকিব আল হাসান। দু’জনের ৬১ রানের জুটি দলকে জয়ের পথ দেখায়। স্কোর বোর্ডে যখন ৮৯ রান তখন সাকিব ৩৯ বলে একই সমান রান করে আউট হন বাজে এক শটে। তবে আর কোনো বিপদ হতে দেননি তরুণ তাওহীদ হৃদয়। লিটনের সঙ্গ অপরাজিত ৪০ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। তাওহীদ অপরাজিত থাকেন ১৯ বলে ২২ রান করে।











































