স্পোর্টস ডেস্ক।।
অনিয়মের কারণে জিম্বাবুয়ে ফুটবল এসোসিয়েশনকে নিষিদ্ধ করেছিল ফিফা। বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকান অঞ্চলের ড্রয়ের আগে সুসংবাদ পেলো জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ২০১৯ সালের আফ্রিকান কাপ অব নেশনসে অংশগ্রহণের জন্য সরকার প্রদত্ত অর্থের সঠিক ব্যবহার করেনি জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। এর জেরে ২০২১ সালের নভেম্বরে ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে বিলুপ্ত করে দেয় দেশটির সরকার নিয়ন্ত্রিত সংস্থা ‘স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন’। তবে ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ মেনে নেয়নি ফিফা। এর জেরে গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েকে নিষিদ্ধই করে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিবৃতিতে ফিফা জানায়, জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের পরবর্তী নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে নেয়ার জন্য একটি ‘নিয়মমাফিককরণ কমিটি’ নিয়োগ দেয়া হয়েছে।
এই কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় প্রশাসক লিঙ্কন মুতাসা। প্রতিদিনের নিয়মিত কার্যক্রমের বাইরে নবগঠিত এই কমিটির কাজ হবে ফিফার বিধি এবং চাহিদা অনুযায়ী জিম্বাবুযের অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচনী বিধি পর্যালোচনা করা। ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে অংশ নিয়েছিল জিম্বাবুয়ে।
কিন্তু নিষেধাজ্ঞার কারণে ২০২৩ আফ্রিকান কাপ অব নেশনসের প্রাথমিক পর্যায়ে খেলতে পারেনি দেশটির ফুটবল জাতীয় দল। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ড্রয়ে নাম থাকবে জিম্বাবুয়ের। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কংগ্রেস এই ড্র অনুষ্ঠিত হবে। আবিদজানে এই কংগ্রেস শুরু বৃহস্পতিবার। আর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলা হবে আগামী নভেম্বরে।











































