Home আঞ্চলিক খেজুর রসের ঐতিহ্য ফেরাতে…

খেজুর রসের ঐতিহ্য ফেরাতে…

20

নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে খেজুর রসের ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে দুই সহস্রাধিক খেজুর চারা ও বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার বাবা বিশিষ্ট সমাজসেবক গোলাম মুর্তজা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতী রানী বিশ্বাস। খেজুর চারা রোপণের পাশাপাশি রাস্তার দু’পাশে শতাধিক বকুল, কদম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন প্রমুখ।
কর্মসূচি সম্পর্কে সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, এখন সারি সারি খেজুর গাছ আর তেমন চোখে পড়ে না। তাই দুই সহস্রাধিক খেজুর চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছি।

গোলাম মুর্তজা স্বপন বলেন, গ্রিন ও ক্লিন নড়াইল গড়ার অংশ হিসেবে খেজুর গাছের চারা রোপণের উদ্যোগ সময়োপযোগী। সুমিষ্ট খেজুর রস বৃহত্তর যশোর অঞ্চলের ঐতিহ্য। এ ঐতিহ্য ফেরাতে চারা রোপণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।