Home খেলাধুলা খুলনা নয় রাজশাহীতে বিপিএল আয়োজনের চিন্তায় বিসিবি

খুলনা নয় রাজশাহীতে বিপিএল আয়োজনের চিন্তায় বিসিবি

18

স্পোর্টস রিপোর্টার।।

গত কয়েক মৌসুম ধরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মিলিয়ে মোটে তিন শহরে আটকে আছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসর। দ্বিতীয় আসরের পর খুলনামুখী হয়নি বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিপিএলকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার দাবি ওঠে মাঝেমধ্যেই। এরই মধ্যে বিপিএলের একাদশতম আসরে রাজশাহীতে ম্যাচ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বিপিএলে দর্শকদের জন্য কুইজের আয়োজন করে বিসিবি। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে সেই কুইজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

সেখানে ইসমাইলের কাছে ভেন্যু বাড়ানোর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি খুলনার চেয়ে রাজশাহীকে এগিয়ে রাখেন। ইসমাইল বলেন, ‘আমরা খুলনার চেয়ে রাজশাহীকে এগিয়ে রাখব এবং আমরা রাজশাহীতে বিপিএল খেলতে চাই। খুলনাতে তিন চারটা ভালো হোটেল দরকার (বিপিএলের জন্য)। যেটা এখনো হয়নি। যেখানে রাজশাহীতে দুটি নতুন হোটেল রয়েছে তাই আমি রাজশাহীকে এগিয়ে রাখবো।

এবার দিতে না পারলেও সামনের পরের মৌসুমে চিন্তাভাবনা আছে।’
তিনি বলেন, ‘বরিশালে একটি মাত্র হোটেল আছে যা বিপিএলের জন্য উপযুক্ত। কিন্তু এক হোটেলে বরিশালে ছয় থেকে সাত-আটিটি দল নিয়ে টুর্নামেন্ট করাটা একটা সমস্যা।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শেষে বিপিএলের ভেন্যু বাড়ানোর কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পরে আরও একটি ভেন্যু বাড়ানো যায় কি-না, সেটি নিয়ে চিন্তা করার কথা জানান তিনি।