স্পোর্টস ডেস্ক।।
গুঞ্জন চলছিল অনেকটা সময় ধরেই। শেষ পর্যন্ত তাই সত্যি হলো। কোচ হিসেবে সৌদি ফুটবলে নাম লেখালেন স্টিভেন জেরার্ড। সাবেক ইংলিশ মিডফিল্ডারকে নিয়োগ দিয়েছে আল ইত্তেফাক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সোমবার খবরটি জানায় আল ইত্তেফাক। সেখানে চুক্তির মেয়াদের ব্যাপারে কিছু বলা হয়নি।
গত বছরের অক্টোবরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় কোচের দায়িত্ব হারানোর পর এতদিন বেকার ছিলেন ৪৩ বছর বয়সী জেরার্ড। ১৯৮৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ২৭ বছরের ফুটবল ক্যারিয়ারে লিভারপুল জুনিয়র ও সিনিয়র দল, ইংল্যান্ড জাতীয় দল এবং যুক্তরাষ্ট্রের লা গ্যালিক্সি ক্লাবে খেলেছেন এই মিডফিল্ডার।
অবসরের পরপরই ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের অনূর্ধ্ব-১৮ ও ১৯ দলে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পরের মৌসুমে যোগ দেন স্কটিশ ক্লাব রেঞ্জার্সে। তার অধীনে দলটি ২০২০-২১ মৌসুমে ১০ বছরের মধ্যে নিজেদের প্রথম লিগ শিরোপা জেতে। পরের মৌসুমে অ্যাস্টন ভিলার কোচ হয়ে এক বছরের মাথায় চাকরিচ্যুত হন।











































